রোহিঙ্গাদের কাছে ত্রাণ বিতরণ আটক ২
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ‘রহম ইসলামিয়া এইড’ নামের একটি সংস্থার সহযোগিতায় ত্রাণ বিতরণের সময় আটক দুজনকে ছেড়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার আবার আটক করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি বিজিবির ৩১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন বলেছেন, ছেড়ে দেওয়ার পর দুজনের সঙ্গে রোহিঙ্গা সংগঠনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ জন্য বিষয়টি যাচাই করতে তাঁদের আবারও আটক করা হয়েছে।
অবৈধ বসবাসকারী রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে স্থানীয় লোকজনের আপত্তির মুখে সীমান্তে গতকাল বৃহস্পতিবার থেকে রহম ইসলামিয়া এইড নামের সংস্থাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন।
বিজিবির ৩১ ব্যাটালিয়নের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গোরাইন্নাকাটা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ত্রাণ বিতরণ শেষে ফেরার সময় শরীফুল ইসলাম (৪৫) ও জিয়াউল হক (২৭) নামের দুজনকে আটক করা হয়। ৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক রুহুল আমিন বলেছেন, তাঁরা ত্রাণ বিতরণের ব্যানার দেখেননি। তবে আটক দুজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, রহম ইসলামিয়া এইড নামের একটি সংস্থা থেকে তারা গোরাইন্নাকাটা এলাকায় ইফতারসামগ্রী বিতরণ করেছেন। এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।