রোহিঙ্গাদের কাজে যুক্ত বিদেশি এনজিওদের নিবন্ধনের তাগিদ
রোহিঙ্গা শরণার্থীদের সহায়তাকারী বিদেশি বেসরকারি সংস্থাগুলোকে সরকার অবিলম্বে নিবন্ধিত হওয়ার তাগিদ দিয়েছে। সরকার মনে করে, শরণার্থীদের জন্য মানবিক সহায়তার কাজটি স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গেই পরিচালিত হওয়া উচিত।
আজ সোমবার কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের যৌথ সভাপতিত্বে ‘মিয়ানমারের উদ্বাস্তু ও অনথিভুক্ত নাগরিক সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের’ ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সাহায্য কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমেই হওয়া উচিত। যেসব সংস্থা সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে, সরকার সব সময় তাদের কাজকে স্বাগত জানায়।
বৈঠকে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গাদের সঙ্গে সম্ভাব্য জঙ্গি সম্পৃক্ততা, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের শুমারিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের আগে গতকাল রোববার টাস্কফোর্সের সদস্যরা টেকনাফের কুতুপালং ও লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের দুটি শিবির ঘুরে দেখেন। ধারণা করা হচ্ছে, এ শিবিরগুলোতে ৫০ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে।
বর্তমানে কক্সবাজারের কুতুপালং ও নোয়াপাড়া শরণার্থী শিবিরে নিবন্ধিত মিয়ানমারের নাগরিকের সংখ্যা ৩২ হাজার ৩৫৫ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব রোহিঙ্গা শরণার্থীদের শিবিরে মানবিক সহায়তা কাজে যুক্ত বেশ কয়েকটি বিদেশি সাহায্য সংস্থা কোনো রকম নিবন্ধন ছাড়াই তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়নি
টাস্কফোর্সের বৈঠকের পর দাতা সংস্থা ও বিদেশি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও পররাষ্ট্রসচিব রোহিঙ্গাদের সহায়তার সঙ্গে জড়িত অনিবন্ধিত বিদেশি বেসরকারি সংস্থাগুলোকে নিবন্ধিত হওয়ার আহ্বান জানান।
এদিকে জাতীয় কমিটির বৈঠকে রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক যারা আছে তাদেরও এখানে বসবাস সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
টাস্কফোর্সের আজকের বৈঠকে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন নিয়ে কোনো আলোচনা হয়নি। গত আগস্টে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকে একটি যৌথ কমিটি গঠনের মাধ্যমে শরণার্থী শিবির থেকে ২ হাজার ৪১৬ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনের কথা রয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় দুই দফায় দুই লাখ করে চার লাখ মিয়ানমারের শরণার্থীকে প্রত্যাবাসন করা হয়েছে।
রোহিঙ্গাদের সরানোর বিষয়টি প্রাথমিক পর্যায়ে
শরণার্থী শিবির স্থানান্তর প্রসঙ্গে জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘এটি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এর ভালো-মন্দ দুটি দিক রয়েছে। তাই এ বিষয়গুলো দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থী শিবির সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান।
রোহিঙ্গারা মারা যাবে, কিন্তু কক্সবাজার ছাড়বে না, মিয়ানমারের উদ্বাস্তুদের এমন অবস্থানের ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘এটা তো জটিল প্রশ্ন। তারা তো সমুদ্রপথ পাড়ি দিয়ে, মালয়েশিয়া, সৌদি আরব, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া চলে যাচ্ছে। সুতরাং তারা যদি বলেন যে, কক্সবাজার ছাড়ব না, এটা বোধ হয় ঠিক না।’
কিছু কিছু সংস্থা রোহিঙ্গাদের কক্সবাজার না ছাড়তে প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রসচিব প্রথম আলোকে বলেন, ‘রোহিঙ্গাদের সরানোর বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ব্যাপারে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, তখন আমরা এ বিষয়ে কথা বলব।’
অনিবন্ধিত রোহিঙ্গাদের শুমারি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে। শুমারির প্রশ্নপত্র প্রায় তৈরি হয়ে গেছে।
বর্ডারে লিয়াজোঁ অফিস চালুর প্রস্তাব মিয়ানমারের
দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা সমন্বয় জোরদার করতে মিয়ানমার বর্ডারে লিয়াজোঁ অফিস চালুর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, এ সপ্তাহে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের উপপ্রধান বাংলাদেশে আসছেন। তাঁর এ সফরের সময় বর্ডার লিয়াজোঁ অফিস চালুর বিষয়ে কথা হবে। এটি চালু হলে সীমান্তের দুই পাড়ে ২৪ ঘণ্টার ব্যবস্থাপনা উন্নত হবে।
ওই বৈঠকে সামুদ্রিক অর্থনীতি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের ওপর সরকারের বিশেষ অগ্রাধিকারের বিষয়টি পররাষ্ট্রসচিব উল্লেখ করেন। শহীদুল হক বলেন, এ অঞ্চলের উন্নয়নের স্বার্থে কক্সবাজারের শান্তি ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।