রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে পুলিশের তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর পালিয়ে আসা রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। কক্সবাজার-টেকনাফ এবং মেরিন ড্রাইভ (কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত) সড়কে ১১ সেপ্টেম্বর থেকে পৃথক ৯টি তল্লাশি চৌকি বসানো হয়েছে। এ ছাড়া দুটি সড়কেই পুলিশের ১২টি টহল দল কাজ করছে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, গত ২৪ আগস্ট রাখাইন রাজ্যের সীমান্ত চৌকিতে হামলার পর এ পর্যন্ত প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। তারা অবস্থান করছে উখিয়া ও টেকনাফের ১৪টি স্থানে। তবে কেউ কেউ সুযোগ বুঝে সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে। এসব ঠেকাতে তল্লাশি চৌকি স্থাপন ও বাসে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, মেরিনড্রাইভ সড়কের বাহারছড়া, রেজুখাল, উখিয়ার মরিচ্যা, কোটবাজার, কুতুপালং, কক্সবাজার শহরের কলাতলী মোড়, লিংকরোড, বাংলাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত তল্লাশি চৌকি বসানো হচ্ছে। গাড়িতে করে অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ধরে শিবির এলাকায় ফেরত পাঠানো হচ্ছে। রোহিঙ্গাদের অন্যত্র ছড়িয়ে পড়তে সহযোগিতা করায় বেশ কয়েকজন গাড়ির চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

এদিকে র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ৫ সেপ্টেম্বর থেকে তাঁরাও সড়কের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছেন। বিশেষ করে টেকনাফ ও উখিয়া থেকে কক্সবাজারমুখী গাড়ি ও কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী গাড়িতে বেশি তল্লাশি হচ্ছে। এ পর্যন্ত ১২২ জন রোহিঙ্গাকে আটক করে উখিয়ার শিবিরে পাঠানো হয়েছে।

কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় ইতিমধ্যে ঢুকে পড়েছে ৫০ হাজারের মতো রোহিঙ্গা। তারা পাহাড়তলী, জিয়ানগর, খাজামঞ্জিল, সাত্তারঘোনা, লাইটহাউস, ফাতেরঘোনা, কলাতলী আদর্শগ্রাম, চন্দ্রিমা সমিতি এলাকা, সমিতিপাড়াসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। তাদেরও রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হবে।