রোহিঙ্গাদের জন্য আলাদা তথ্যভান্ডার করবে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গাদের জন্য আলাদা তথ্যভান্ডার (ডেটাবেইস) তৈরি করবে। এ জন্য কমিশন রোহিঙ্গাদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এনজিও ব্যুরো ও কক্সবাজারের জেলা প্রশাসনকে চিঠি দেবে।
রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে জন্য নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী প্রথম আলোকে বলেন, রোহিঙ্গারা বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোটার তালিকায় ঢুকে যাচ্ছে। সেটা রোধ করার জন্যই কমিশন তাদের জন্য আলাদা তথ্যভান্ডার করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে তথ্য চেয়ে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দেওয়া হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সূত্র বলেছে, বর্তমানে তাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়া শরণার্থী শিবিরে ৩০ হাজার নিবন্ধিত রোহিঙ্গা আছে। তবে বেসরকারি হিসাব অনুযায়ী বান্দরবান, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা রোহিঙ্গার সংখ্যা চার থেকে পাঁচ লাখ। এঁদের অনেকেই বিভিন্ন সময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন। অনেকে পাসপোর্ট সংগ্রহ করে বিদেশেও পাড়ি দিয়েছেন বলে অভিযোগ আছে। এ বিষয়ে কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়, কক্সবাজারে স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেদের ভোটার বাড়ানোর জন্য রোহিঙ্গাদের ভোটার করেছেন। কমিশন তদন্ত করে এর সত্যতা পায় এবং অনেক রোহিঙ্গার নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়।
জেসমিন টুলী বলেন, বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গাদের বিষয়ে কমিশনের কাছে কোনো তথ্য নেই। অন্তত এঁদের নাম-ঠিকানা ও আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব হলে তাঁদের কেউ ভোটার হয়েছেন কি না বা ভোটার হতে চাইলে তাঁদের শনাক্ত করা সম্ভব হবে।