রাজধানীতে অনুষ্ঠিত এক সংহতি সভায় বক্তারা বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। রোহিঙ্গারা যেন নিরাপত্তা হুমকিতে না পড়ে, সেদিকে নজর দিতে হবে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমরাও রোহিঙ্গা’ শীর্ষক এই সংহতি সভা হয়। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘যেখানে সহিংসতা হচ্ছে সেখানে আন্তর্জাতিক আইন, যুদ্ধ আইন, কী ভূমিকা, কতটা গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য এসব নাগরিক সমাজের চর্চার বিষয় হতে পারে।’
রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ, সেবা ও প্রত্যাবর্তন নিয়ে রামরু একটি প্রস্তাবনা দেয়। রামরুর চেয়ারপারসন তাসনিম সিদ্দিকী এটি তুলে ধরেন। সেখানে বলা হয়, ত্রাণ ও পুনর্বাসনে নিজেদের অভিজ্ঞতা দিয়ে দ্রুত একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা দরকার। নাগরিক সমাজের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে সমন্বয় কমিটি করতে হবে। রামরু বলেছে, রোহিঙ্গাদের যেন জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করা না হয়। তারা হুমকি নয়, নিজেরাই নিরাপত্তাহীন।
প্রস্তাবনায় রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের কথাও বলা হয়। এতে বলা হয়, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের নির্বাহী পরিষদ ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। আন্তর্জাতিক প্রচারণার পাশাপাশি শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করতে হবে। এ ব্যাপারে ভারত ও চীনের বর্তমান অবস্থান পরিবর্তনের জন্য তাদের সঙ্গে আলোচনা করতে হবে।