পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে গ্রহণ করার জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিতে বাধ্য নয়। কারণ, বাংলাদেশ আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক কোনো আইন বা কনভেনশনে অনুস্বাক্ষরকারী দেশ নয়।জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত কয়েকটি রোহিঙ্গা সংগঠনকে সশস্ত্রভাবে মদদ জোগাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা মিয়ানমারের সাম্প্রতিক জাতিগত দাঙ্গাকে উসকে দিচ্ছে। মিয়ানমার কর্তৃপক্ষ তাদের দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে এই অভিযোগ করেছে।দীপু মনি বলেন, ‘যেসব দেশ ও সংস্থা রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তাদের প্রতি অনুরোধ, রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করার জন্য মিয়ানমারকে অনুরোধ জানান। রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। আমাদের নিজেদেরই সমস্যা অনেক। নতুন করে সমস্যা তৈরি করতে চাই না। আমাদের প্রতি আপনাদের অনুরোধ সংগত নয়।’ তিনি বলেন, ‘জলপথে যেসব রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তাদের খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় জ্বালানি বিজিবি সরবরাহ করছে। আবহাওয়া খারাপ থাকায় কিছু রোহিঙ্গা সেন্ট মার্টিনে অবস্থান করছে। তাদেরও মিয়ানমারে ফেরত পাঠানো হয়নি। সেখানে একজন রোহিঙ্গা নারী সন্তান প্রসব করেছেন। তাদের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে।’বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে বিভিন্ন অপরাধমূলক কার্মকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে শরণার্থী হিসেবে ২৮ হাজার এবং অবৈধভাবে তিন থেকে পাঁচ লাখ রোহিঙ্গা আছে।পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির আগে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম, জাতীয় পার্টির মুজিবুল হক এবং জাসদের মঈন উদ্দীন খান বাদল রোহিঙ্গা সমস্যা নিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চান। তা বিধিসম্মত না হওয়ায় অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী তাঁদের মাইক বন্ধ করে দেন। তিনি তাঁদের এ বিষয়ে নোটিশ দেওয়ার আহ্বান জানান। পরে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিলে সমস্যার সমাধান হয়।