রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে সংসদ সদস্যরা। সাংসদেরা এ সমস্যা সমাধানে জাতিসংঘের অধীনে মিয়ানমারের ভেতরে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের প্রতিবেদন পুরোপুরি বাস্তবায়নের দাবি করেন তাঁরা। এসব কাজে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানান সংসদ সদস্যরা৷
আজ সোমবার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালি বিধিতে নোটিশ দেন সাংসদ দীপু মনি। এরই ভিত্তিতে সাধারণ আলোচনায় মন্ত্রী-সাংসদেরা এসব দাবি জানান।
রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত ও চীনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ বলেন, রোহিঙ্গাদের জায়গা দেওয়া হয়েছে মানুষ হিসেবে। রোহিঙ্গা বা মুসলমান হিসেবে নয়। এ সমস্যার স্থায়ী সমাধান দরকার। কফি আনান কমিশনের প্রতিবেদন যথাযথ বাস্তবায়ন করা হলে সমস্যার সমাধান হবে। এ জন্য তিনি মিয়ানমার সরকারের সহযোগিতা চান।
শান্তিতে নোবেল পাওয়া নেত্রী এত অশান্তি করেন কীভাবে?
মিয়ানমারের নেত্রী নোবেলজয়ী অং সান সুচির ভূমিকার সমালোচনা করে রওশন এরশাদ বলেন, ‘শান্তির জন্য নোবেল পাওয়া নেত্রী এত অশান্তি সৃষ্টি করেন কীভাবে?’
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জাতীয় সংসদকে অবহিত করেন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিপূর্ণ সমাধানে তৎপর রয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের সমস্যা গুরুতর উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪০ কিলোমিটার ব্যাপ্তির মধ্যে তিন লাখ মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে এর আগে ছিল চার লাখ। কূটনীতিকদের অবহিত করা হয়েছে। মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে মিয়ানমারের উদ্দশ্যে রয়েছে—রাখাইনে হত্যা বন্ধ করা, নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা, সবাইকে নিজ গৃহে পুনর্বাসন, কফি আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন৷ এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ, রোহিঙ্গাদের ভাসান চরে স্থানান্তরে সহযোগিতা৷
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, পুরো আশিয়ান অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা। মিয়ানমারের সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ঘটনার জন্ম দিয়েছে। এটা শুধু ধর্মীয় বা জাতিগত নির্মূলের বিষয় হিসেবে দেখলে চলবে না৷ এর পেছনে রয়েছে বিদেশি শক্তির নানা চক্রান্ত। আরাকান রাজ্য নানা ধরনের প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ ছাড়া আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীকে উসকে দেওয়ার চক্রান্ত হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রোহিঙ্গা পরিস্থিতি ১৯৭১ সালের স্মৃতি মনে করিয়ে দেয়। সু চি নীরব থাকলে ভালো ছিল। তিনি শান্তিতে নোবেল পাওয়ার পর যা বলছেন, তা লজ্জাজনক। বিএনপির সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, আজ পর্যন্ত কোনো নেতা কক্সবাজার যাননি। দুর্গত মানুষের পাশে দাঁড়াননি। অথচ বলল সরকার ব্যর্থ। তাঁরা ভালো কাজ দেখে না। সরকার ও আওয়ামী লীগ কর্তব্য পালন করে যাবে। আন্তর্জাতিক বিশ্বের চাপ সৃষ্টি করা উচিত, যাতে আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করা হয়, জাতিসংঘের শান্তিরক্ষীদের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়৷
সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘অতীতে বিএনপি-জামায়াত রোহিঙ্গাদের রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করেছে। অনেক রোহিঙ্গাকে ভোটার করেছে। তারা এটা যাতে করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। শান্তির জন্য কাজ করেন, নোবেল পুরস্কার পান না। নোবেল বিজয়ী ইউনূস চুপ।’ প্রধানমন্ত্রী জাতিসংঘে বিষয়টি তুলে ধরবেন বলে তিনি আশা করেন।
সু চিসহ বার্মা মিথ্যাচার করছে মন্তব্য করে জাসদের মঈন উদ্দিন খান বাদল বলেন, ‘এটা সারা বিশ্বের কাছে জানানো হোক, ওরা আমাদের জাতিগোষ্ঠী নয়।’ রোহিঙ্গাদের ঢালাওভাবে সন্ত্রাসী না বলার দাবি জানিয়ে মঈন উদ্দিন খান বাদল প্রশ্ন রাখেন, চোখের সামনে মা-বোনকে বলাৎকার করা হলে, হত্যা করা হলে অস্ত্র তুলে নেওয়ার অধিকার কি নেই?
প্রস্তাব উত্থাপন করতে গিয়ে দীপু মনি বলেন, কফি আনান কমিশনের প্রতিবেদন নিঃশর্তভাবে বাস্তবায়ন করতে হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দিতে হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে। তিনি আরও বলেন, এক আয়লান কুর্দির লাশ বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল। আজ কত আয়লানের ক্ষতবিক্ষত লাশ নাফ নদীর পানিতে ভাসছে। বিশ্ববিবেক এগিয়ে আসুক। তাদের পাশে দাঁড়াক।
দীপু মনি তাঁর প্রস্তাবে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অব্যাহত নির্যাতন-নিপীড়ন চরম আকার ধারণ করায় সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীর লাখ লাখ লোক ইতিমধ্যে বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় নিয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে মিয়ানমারের সামরিক বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর নিষ্ঠুর নির্মমতার শিকার—কেউ অর্ধমৃত, কেউ গুলিবিদ্ধ, কেউবা আবার ক্ষতবিক্ষত হাত-পা নিয়ে কোনোমতে জীবন নিয়ে ঢলের মতো প্রতিদিন বাংলাদেশে প্রবেশ করছে। রোহিঙ্গাকে আখ্যায়িত করা হচ্ছে বাঙালি সন্ত্রাসী হিসেবে। নাফ নদীতে ভাসছে সারি সারি রোহিঙ্গা লাশ। নিজ ভূমি থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূলের লক্ষ্যে চালানো অব্যাহত নৃশংসতায় গর্ভবতী মা-বোন, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধ, এমনকি দুগ্ধপোষ্য শিশুকে রেহাই দিচ্ছে না। রোহিঙ্গারা যাতে নিজভূমিতে ফিরে যেতে না পারে, তার জন্য তাদের প্রতিটি বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে।
দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানবিক কারণে দুর্দশাগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় দিয়েছে। তাদের খাদ্য ও চিকিৎসাসহ অন্যান্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে।
আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ, আবদুল ওয়াহাব, সাইমুম সরওয়ার কমল, জাসদের শিরিন আখতার, তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।