রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে নিলে আক্রান্ত হতে পারে সার্বভৌমত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে হাতিয়ার ঠেঙ্গারচরে পুনর্বাসন করা হলে ভবিষ্যতে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাসদের সাংসদ মইনউদ্দীন খান বাদল। আজ সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক।

বাদল বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি করে বলেন, ‘পত্রিকায় পড়েছি, বিদেশের রাষ্ট্রদূতদের জানানো হয়েছে, রোহিঙ্গাদের হাতিয়ার ঠেঙ্গারচরে পুনর্বাসন করা হবে। এ বিষয়ে তাদের সহায়তা চাওয়া হয়েছে। অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনিতে ১ হাজার ২০০ লোককে রেখেছিল, যাদের যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার কথা। সেটা নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত বিতর্ক হয়েছে। অত্যন্ত অশালীনভাবে ট্রাম্প ফোন কেটে দিয়েছেন। ১ হাজার ২০০ লোক নেওয়ার ব্যাপারে ট্রাম্প কোনো চুক্তি স্বীকার করেননি। তাঁরা যেখানে সামান্য পরিমাণ লোকের সমস্যার সমাধান করতে পারছে না, সেখানে আমরা ৬৫ হাজার লোক কীভাবে সামাল দেব?’
বাদল বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে আমরা অনেক কূটনৈতিক অবস্থান নিয়েছি। এত কিছুর পরও যদি রোহিঙ্গারা আমাদের ঘাড়ে সওয়ার হয়, তাহলে এত কূটনৈতিক উদ্যোগের মানে কী? সব জায়গায় আলোচনা হচ্ছে, মিয়ানমারের একটি শয়তানি উদ্দেশ্য আছে। তারা রোহিঙ্গাদের অন্যায়ভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে।’

জাসদ একাংশের এই সাংসদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে জায়গা দিলে তা আত্মহত্যার শামিল হবে। আক্রান্ত হতে পারে বাংলাদেশের সার্বভৌমত্ব। রোহিঙ্গারা একবার ঠেঙ্গারচরে ঢুকে পড়লে এদের আর ফেরত পাঠানো যাবে না। মিয়ানমার বলবে, আপনাদের লোক আপনারা নিয়ে গেছেন।

পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, এ বিষয়ে কেউ নোটিশ দিলে তা নিয়ে সংসদে আলোচনা হতে পারে।