প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
রোহিঙ্গাদের ঠেলে পাঠানো বন্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা
মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে জোর করে ঠেলে পাঠানো (পুশিং) বন্ধে দেশটির ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল বুধবার তাঁর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মানবিক বিবেচনায় আমরা বিপুলসংখ্যক রোহিঙ্গা উদ্বাস্তুকে দেশে আশ্রয় দিয়েছি এবং এটি আমাদের জন্য একটি বিরাট সমস্যা। এ জন্য মিয়ানমারের প্রতি প্রবল চাপ বাড়াতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে জানতে চান রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কোনো রাজনৈতিক সংলাপ হয়েছে কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ রয়েছে।’
আফগানিস্তান ও পাকিস্তানে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী এলিস ওয়েলস সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা ব্যক্ত করেন। সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন তিনি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা আমাদের ভূমি ব্যবহার করে অন্যান্য দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দেব না।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের প্রত্যাবাসনে শেখ হাসিনা তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেন।
দেশের গণমাধ্যমগুলো পুরোপুরি স্বাধীনতা উপভোগ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম খোলাখুলিভাবে সরকারের সমালোচনা করছে এবং সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। তিনি বলেন, ‘দেশে বর্তমানে ৭৫০টি দৈনিক পত্রিকা রয়েছে। আমরা বেসরকারি খাতে ৪৪টি টিভি চ্যানেলের অনুমতি দিয়েছি। এর মধ্যে ২৪টির কার্যক্রম চলছে।’
এলিস ওয়েলস বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার।
বৈঠকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন।