রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘের দুই সংস্থা প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান মার্ক লোকুক ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক। তিন দিনের বাংলাদেশ সফরের দুই দিন কক্সবাজারে কাটাবেন তাঁরা। আগামীকাল সোমবার তাঁরা ঢাকা আসবেন। সোমবার ও মঙ্গলবার তাঁরা কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন।

ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের ভয়ংকর মানবিক পরিস্থিতি স্বচক্ষে দেখতে তাঁরা ও সফর করছেন।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে যার মধ্যে ৬০ শতাংশ শিশু। এদের বেশির ভাগ এসেছে একা। গত কয়েক দশকের মধ্যে এ অঞ্চলে সবচেয়ে বেশি শরণার্থী হওয়ার ঘটনা এটি। বর্তমানে বাংলাদেশে সাত লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

শুরুর দিকে যে জরুরি অবস্থার ধারণা করা হচ্ছিল তার মাত্রা আগেই ছাড়িয়ে গেছে। শুরুতে ৩ লাখ মানুষকে সাহায্য দিতে সাত কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেওয়ার পরিকল্পনা ছিল। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যৌথ সাহায্যের অংশ হিসেবে তিন কোটি ৬৪ লাখ ডলার বা ৪৭ শতাংশ সাহায্য এসেছে। বিশাল বাড়তি সাহায্যের প্রয়োজনে জরুরি পরিস্থিতি সামাল দিতে দাতব্য সহযোগীরা প্রাথমিক পরিকল্পনা পুনর্মূল্যায়ন করছেন।

রোহিঙ্গা শরণার্থী সমস্যার সর্বশেষ পরিস্থিতি, সাড়া ও তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে ৩ অক্টোবর কক্সবাজারে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন লোকুক ও লেক।