রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকারবিষয়ক কমিটিতে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। খবর এএফপির।
মিয়ানমারের সরকার তাদের নিজেদের দেশের নাগরিক সংখ্যালঘু রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করতে সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে। তাদের বলা হয়েছে, নিজেদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমারের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। যারা আবেদন করবে না তাদের শরণার্থী শিবিরে নিয়ে রাখা হবে। মূলত রোহিঙ্গাদের ‘বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী’ হিসেবে চিহ্নিত করার জন্যই কৌশলে এই ফাঁদে ফেলার পরিকল্পনা নিয়েছে মিয়ানমার সরকার। ওই পরিকল্পনা থেকে সরে আসার জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যই জাতিসংঘে ওই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
প্রস্তাবের খসড়া নিয়ে একটি আপত্তি তুলেছিল ৫৭টি মুসলিম রাষ্ট্রের সংস্থা ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। তারা চেয়েছিল খসড়ায় আরও কঠোর শব্দ ব্যবহার করা হোক।
গৃহীত প্রস্তাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী সব সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং সংখ্যালঘু রোহিঙ্গাদের আত্মপরিচয়ের অধিকারসহ পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে প্রস্তাবে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহারে আপত্তি তোলেন জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি। তিনি বলেন, ‘এই শব্দ ব্যবহার করা হলে মিয়ানমারের মানুষ চরম ক্ষুব্ধ হবে। তা ছাড়া বিষয়টি সমাধানে সরকার যেকোনো উদ্যোগ নিলে তা আরও জটিল হয়ে উঠবে।’