প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের রাখাইনের বাসভূমিতে ফিরিয়ে নেওয়া এবং তাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়াসহ জাতিসংঘে ওআইসির একটি প্রস্তাব গতকাল বৃহস্পতিবার বিপুল ভোটে পাস হয়েছে। জাতিসংঘের থার্ড কমিটির ওই ভোটাভুটিতে অংশ নেয় ১৭১টি দেশ। এর মধ্যে পক্ষে ভোট দিয়েছে ১৩৫টি দেশ। চীন, রাশিয়াসহ ১০টি দেশ বিপক্ষে আর ভারতসহ ২৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।
নিউইয়র্ক থেকে বাংলাদেশের কূটনীতিকেরা গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
থার্ড কমিটি নামে পরিচিত জাতিসংঘের সামাজিক, মানবিক ও মানবাধিকারবিষয়ক ফোরামে পাস হওয়া গতকালের প্রস্তাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে ১৬ দফা সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সেনা অভিযান বন্ধ, অবিলম্বে রাখাইনে জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে অবারিতভাবে কাজ করতে দেওয়া, রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সেনাবাহিনী ও সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল লোকজনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং আনান কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। এ ছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের মহাসচিবকে মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল পাস হওয়া প্রস্তাবটি নিয়ে ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে চূড়ান্ত ভোট হবে। সেখানে যে প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদিত হবে, তা গতকালের ভোটাভুটিতে একরকম নিশ্চিত হয়েছে।
নিউইয়র্ক থেকে বাংলাদেশের এক কূটনীতিক জানান, গত ৩১ অক্টোবর থার্ড কমিটিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে ‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক খসড়া প্রস্তাবটি দেয় মিসর। এটি সমর্থন করেছিল ৯৭টি দেশ।
মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ২০১৫ সালে সরকার গঠনের আগে ‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক একটি প্রস্তাব গৃহীত হয়েছিল। সেখানে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর জোর দেওয়া হয়েছিল। ওই প্রস্তাবে ১৯টি অনুচ্ছেদের মধ্যে রোহিঙ্গা বিষয়ে শুধু একটি অনুচ্ছেদ ছিল। ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ১০৪টি দেশ, বিপক্ষে ১৩টি দেশ এবং বাংলাদেশসহ ৩৭ দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছিল। অতীতে মিয়ানমারের বিরুদ্ধে কোনো প্রস্তাব আনা হলে বাংলাদেশ কখনোই তাতে সমর্থন দেয়নি।
>*জাতিসংঘে প্রস্তাবে ১৩৫ দেশের সম্মতি
*চীন, রাশিয়াসহ ১০ দেশ বিপক্ষে
*ভারতসহ ২৬ দেশ ভোট দেয়নি