রোহিঙ্গাদের নিয়ে মানবাধিকার কমিশনের সভা
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, যেসব রোহিঙ্গা এখনো সরকারের কোনো ধরনের জরিপের আওতায় আসেনি, তাদের জীবনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও সেভাবে পুলিশের কাছে গিয়ে আইনের আশ্রয় নিতে পারছে না। অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ নেয়, তবে এই রোহিঙ্গারা বাংলাদেশে কীভাবে আছে তা নিয়ে উল্টো তদন্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এটি একটি মানবাধিকারের বিষয়। তাই সরকারের পক্ষ থেকে দ্রুত জরিপ হওয়া প্রয়োজন।
গতকাল বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সভায় মিজানুর রহমান এ কথা বলেন। তবে অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। অনুষ্ঠান শেষে কমিশনের চেয়ারম্যানের কাছে অনুষ্ঠানের বিষয়বস্তু জানতে চাইলে তিনি এ কথা জানান।
জানা গেছে, অনুষ্ঠানে রোহিঙ্গা পরিস্থিতির পাশাপাশি দেশের বিভিন্ন কারাগারে আটক ৮৬ জন বিদেশি নাগরিকের বিষয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, কক্সবাজারের কারাগারে আটক ১২ জনই রোহিঙ্গা। অন্যান্য কারাগারে আটক ব্যক্তিদের মধ্যেও রোহিঙ্গার সংখ্যা বেশি।
মানবাধিকার কমিশনে খোঁজ নিয়ে জানা গেছে, কমিশনের সচিব, সার্বক্ষণিক সদস্য এবং অন্য সদস্যরাও এতে উপস্থিত ছিলেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ডিজিএফআই, কারাগারের প্রতিনিধি, জাতিসংঘের রিফিউজি এজেন্সি ইউএনএইচসিআরসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য কেন উন্মুক্ত রাখা হয়নি জানতে চাইলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি অনেকটা ঘরোয়া কর্মশালা আকারে করা হয়েছে। এখানে মূলত রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কী কী প্রকল্প আছে তা পর্যালোচনা করা হয়েছে।