মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধ ভিক্ষু জ্যোতিসেন থের। ৬ সেপ্টেম্বর বিকেলে তিনি উখিয়ার কুতুপালং এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যান। সেখানে তাদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।
জ্যোতিসেন থের ভিক্ষু বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আন্তর্জাতিকবিষয়ক সচিব এবং রামুর ঐতিহ্যবাহী ‘রাংকুট বনাশ্রম’ মহাতীর্থ বৌদ্ধবিহারের পরিচালক। তিনি প্রথম আলোকে বলেন, রাখাইন রাজ্যে সহিংসতার শিকার রোহিঙ্গা মুসলমানের পাশাপাশি বিপুলসংখ্যক হিন্দুও বাংলাদেশে পালিয়ে এসেছে। অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন, কে হিন্দু, কে মুসলিম, আর কে বৌদ্ধ সেটা বিবেচ্য বিষয় নয়। মানুষই আসল পরিচয়। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
জ্যোতিসেন ভিক্ষু মিয়ানমার থেকে পালিয়ে আসা ৪০০ রোহিঙ্গা এবং হিন্দু সম্প্রদায়ের ২১৪ জনের মধ্যে শুকনা খাবার বিতরণ করেন। খাবারের মধ্যে ছিল আপেল, মাল্টা, শসা, ডালিম, কেকসহ বিভিন্ন শুকনা খাবার।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে রামুর বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পুরাকীর্তি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রথম আলোকে বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে নিপীড়ন চলছে, তা এক কথায় অসভ্যতা ও মানবতাবিরোধী অপরাধ। এটা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা জরুরি।