রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করা হচ্ছে। শরণার্থীশিবিরে থেকে যাওয়া রোহিঙ্গাদের সুবিধাজনক সময়ে ফেরত পাঠানো হবে।
গতকাল শনিবার নওগাঁয় বাজার ব্যবসা নিরাপত্তায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানামারে রোহিঙ্গাদের ওপর অমানবিক অত্যাচার হচ্ছে। নিপীড়ন সহ্য করতে না পেরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে তারা। বিজিবি ও কোস্টগার্ড তাদের ঠেকানোর চেষ্টা করছে। তারপরও আমাদের বিশাল একটা সীমান্ত আছে, যেখানে এখনো কয়েকটি জায়গায় বিজিবির চৌকি নেই। কাজেই কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। তাদের প্রতি আমরা মানবিক আচরণ করছি। যাদের চিকিৎসা প্রয়োজন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা সুস্থ তাদের ফেরত পাঠাচ্ছে বিজিবি।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে শহরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ায় নওগাঁ শিল্প ও বণিক সমিতির নেতাদের ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার।
বণিক সমিতির নেতারা জানান, প্রাথমিক পর্যায়ে নওগাঁ শহরের বিভিন্ন প্রবেশপথ ও প্রধান প্রধান বাজার এলাকায় ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
দুপুরে নওগাঁর নিয়ামতপুর থানার নবনির্মিত থানা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সুপার মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নওগাঁ-২ (ধামইরহাট-পত্মীতলা) আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সাংসদ আবদুল মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম প্রমুখ।