রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানাল সংসদীয় কমিটি
মিয়ানমারে সরকারি বাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমার সরকারের ভূমিকায় নিন্দা প্রকাশ করে।
জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার সংসদীয় কমিটির বৈঠকে এই সহমর্মিতা ও নিন্দা জানানো হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি মিয়ানমার সরকার কর্তৃক নিরীহ রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার যে অপচেষ্টা করা হচ্ছে, তা প্রতিহত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে মিয়ানমার সরকারের ভূমিকার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠক শেষে জানতে চাইলে কমিটির সভাপতি বি এইচ হারুন প্রথম আলোকে বলেন, অং সান সু চি নোবেল বিজয়ী রাজনীতিক। অথচ তাঁর দেশে মানুষ হত্যার যজ্ঞ চলছে। বিশ্ব মানবতাকে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে হবে।
বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলাকারী ও নির্যাতনকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বি এইচ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, এ কে এম এ আউয়াল, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মকবুল হোসেন, আমির হোসেন ও দিলারা বেগম অংশ নেন।