অবৈধভাবে প্রবেশের মাধ্যমে বাংলাদেশের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহ পুনর্ব্যক্ত করেছে মিয়ানমার। দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে মিয়ানমার তার এই অবস্থানের কথা জানিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। গত বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিডোয় অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী মং মিন্ট।মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উনা মং লিউনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানালে তিনি বিষয়টি সুরাহার আশ্বাস দেন।এদিকে পররাষ্ট্রসচিবদের বৈঠকে যৌথ কমিশন গঠনের ব্যাপারে একটি সমঝোতা স্মারক সইয়ের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সড়ক ও আকাশপথের পাশাপাশি নৌপথে যোগাযোগের বিষয়েও আলোচনা হয়েছে। দুই পক্ষে বাণিজ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, পর্যটন, সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।