
রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে আছে ভারত। তাই মিয়ানমারকে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে বলছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের সময় উপস্থিত এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রাতে ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। রাত ১০টার দিকে প্রধানমন্ত্রীকে ফোন করেন সুষমা স্বরাজ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীকে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের অবস্থানের সঙ্গে ভারত একমত। তাই সমস্যার সমাধানে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলছে ভারত।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা এখন শুধু বাংলাদেশের কোনো ইস্যু নয়, সমস্যাটি এখন এই অঞ্চল ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ নিয়েছে। মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে।
গতকাল সকালে রোহিঙ্গাদের জন্য চট্টগ্রামে ভারতের পাঠানো ত্রাণ দিয়ে রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান হর্ষ বর্ধন শ্রিংলা। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে বলেন, রোহিঙ্গা সমস্যা বিষয়ে নেপথ্যে বেশ জোরালো অবস্থান নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ের আলোচনায় ভারত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে বলছে মিয়ানমারকে।
রাখাইনে সহিংসতা চলতে থাকায় গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ মানবিক কারণে প্রায় ৪ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা যেহেতু মিয়ানমারের নাগরিক, তাই তাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।