রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পথ খুঁজতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পথ খুঁজে বের করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ত থানে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে আমাদের একত্রে একটি পন্থা খুঁজে বের করতে হবে। প্রতিবেশী হিসেবে আমরা সব সময় আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করতে চাই।’
বৈঠক শেষে ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করছে—বাংলাদেশের এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গারা খুব মানবেতর অবস্থার মধ্যে বাস করছে।
প্রেস সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা সন্ত্রাসবাদে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমাদের ভূমি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন করে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোকে বাংলাদেশে ঠাঁই না দিতে আমরা দৃঢ় অবস্থানে রয়েছি।’ এ সময় প্রধানমন্ত্রী মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ
সৌদি বাদশাহ এবং মুসলমানদের দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আবদুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিক্যাল সামিটে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সৌদি সংস্কৃতি এবং তথ্যবিষয়ক মন্ত্রী আওয়াদ বিন-সালেহ-আল আওয়াদ গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এই সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়
বৌদ্ধধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল বিকেলে গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি একটি মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে বাংলাদেশকে প্রতিষ্ঠায় বৌদ্ধসহ সব ধর্মবিশ্বাসের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বৌদ্ধ সম্প্রদায়ের যাঁরা এখানে উপস্থিত আছেন, তাঁদের এইটুকুই বলব, আপনাদেরই দেশ, আপনাদেরই মাটি—সকলেই সমমর্যাদা নিয়ে ধর্ম পালন যেভাবে করবেন এবং সেই মর্যাদা নিয়েই আবার চলবেন, আমরা সেটাই চাই।’ তিনি আরও বলেন, ‘আমাদের উন্নয়ন সকলকে নিয়েই, কাউকে বাদ দিয়ে নয়, আমরা সকলের ভাগ্য পরিবর্তন করতে চাই। দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে চাই।’