রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার, আশা বোর্গের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ডে মনে করেন, মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির দায়িত্ব পালনের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও রোহিঙ্গাদের সুরক্ষায় আরও অনেক কিছু করা উচিত ছিল। তিনি আশা করেন, মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইন রাজ্যে এমন পরিবেশ সৃষ্টি করবে, যাতে করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ফিরে গিয়ে নিরাপদ বোধ করতে পারে। মিয়ানমারে ফেরার আগ পর্যন্ত বাংলাদেশে অবস্থানের সময় রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে নরওয়ে।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এক প্রশ্নের উত্তরে বোর্গ ব্রেন্ডে এ মন্তব্য করেন। ঢাকায় নরওয়ে দূতাবাস ও গ্লোবাল শেপার্স কমিউনিটি ঢাকা ওই সংলাপের আয়োজন করে।
একুশের প্রথম প্রহরে ভাষাশহীদ ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন বোর্গ ব্রেন্ডে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া নরডিক দেশগুলোর প্রথম পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বোর্গ ব্রেন্ডে।
গতকাল সংলাপের শুরুতে স্বাগত বক্তৃতা দেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন। প্রায় এক ঘণ্টার অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কাউন্সিলের লুৎফে সিদ্দিকী।
বাংলাদেশে নতুন করে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে অস্থায়ীভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়টিকে তিনি কীভাবে দেখেন এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে বাংলাদেশকে নরওয়ের সমর্থনের বিষয়ে জানতে চাইলে বোর্গ ব্রেন্ডে বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ অভিনন্দন পাওয়ার যোগ্য। রোহিঙ্গাদের যে ধরনের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা খুব সহজ। কিন্তু বাংলাদেশের প্রতি প্রশংসার কারণ হচ্ছে, উন্নয়নশীল দেশ হওয়ার কারণে বাংলাদেশের নিজেরই অনেক চ্যালেঞ্জ আছে। এরপর বিভিন্ন সময় রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ দ্বিধা করেনি। রোহিঙ্গাদের প্রতি মানবিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে নরওয়ে সব সময় বাংলাদেশের পাশে থাকবে।
রোহিঙ্গাদের সুরক্ষায় সু চি যথাযথ ভূমিকা না রাখায় তাঁকে দেওয়া নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে বার্গ ব্রেন্ডে বলেন, ‘নোবেল পুরস্কার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মাধ্যমে দেওয়া হয়। কোনো ব্যক্তি ও সংগঠনকে নির্বাচিত করার দায়িত্ব নোবেল কমিটির, এখানে নরওয়ে সরকারের কোনো ভূমিকা নেই। গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার সংগ্রামে ভূমিকা ও অবরুদ্ধ রাখার কারণে সু চিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, নরওয়ের একজন নাগরিক হিসেবে অং সান সু চি যখন নোবেল পেয়েছিলেন তখন আমি খুশি হয়েছিলাম।’
ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল খবর প্রচারের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টির প্রভাবের বিষয়ে জানতে চাইলে বোর্গ ব্রেন্ডে বলেন, ‘বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের ভুল খবর প্রচারের সম্পাদকীয় দায়িত্ব কেউ না নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কাজেই এ বিষয়টির ক্ষেত্রে আমাদের যথেষ্ট সতর্ক হতে হবে।’
প্রশ্নোত্তর পর্বে বোর্গ ব্রেন্ডে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা, সবার জন্য মানসম্মত শিক্ষার নিশ্চয়তা, সব শিশুর জন্য সমান সুযোগ তৈরি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও সবার অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠার ওপর জোর দেন।