রোহিঙ্গাদের ফেরত না পাঠাতে আহ্বান যুক্তরাজ্যের
নির্যাতনের শিকার হয়ে আশ্রয়ের খোঁজে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত না পাঠাতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে এক লিখিত প্রশ্নের জবাবে দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক (ডিএফআইডি) প্রতিমন্ত্রী মাইকেল ওয়ালটন বেইটস এ কথা জানান।
গত মঙ্গলবার দেওয়া লিখিত জবাবে তিনি আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের যাতে আবার বিপদের দিকে ঠেলে দেওয়া না হয়, সে জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে আনুষ্ঠানিক আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৩৪ হাজার রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাজ্য সবচেয়ে বেশি খাদ্য সাহায্য দিচ্ছে জানিয়ে ব্রিটিশ এই প্রতিমন্ত্রী বলেন, অভিবাসীবিষয়ক আন্তর্জাতিক সংগঠন (আইওএম) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) মাধ্যমে সাহায্য অব্যাহত রাখবে দেশটি। বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের জন্য যুক্তরাজ্য স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষাবিষয়ক সেবার ক্ষেত্র বৃদ্ধি করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
হাউস অব লর্ডসের লেবার পার্টির সদস্য গ্লেনিস এলিজাবেথ কিনক এক লিখিত প্রশ্নে দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রীর কাছে জানতে চান, ‘প্রাণে বাঁচতে মিয়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানের বাংলাদেশে পালিয়ে যাওয়ার যে খবর আসছে, এ নিয়ে যুক্তরাজ্য সরকারের বক্তব্য কী।’ এই প্রশ্নের জবাব দিতে গিয়েই দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গে ওই কথা বলেন।
প্রতিমন্ত্রী বেইটস বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন। রোহিঙ্গাদের প্রতি আক্রমণ বন্ধ করতে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে যুক্তরাজ্য মিয়ানমার সরকারকে একাধিকার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে রাখাইন রাজ্যে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার দ্বার উন্মুক্ত করার জন্যও আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের আরেক প্রতিমন্ত্রী রোরি স্টুয়ার্ট দুই দফা সাক্ষাতে বিষয়গুলো মিয়ানমারের মন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে তুলে ধরেছেন বলে জানান তিনি।