রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র, জাপান এবং যুক্তরাজ্যসহ প্রভাবশালী দেশের মাধ্যমে মিয়ানমারকে চাপ দিয়ে বাধ্য করার দাবি জানিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নাগরিক ফোরাম এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে ১৪ দফা সুপারিশ তুলে ধরেন ফোরামের চেয়ারম্যান মনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, যথাযথ লবিং ও চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে নিরাপদে ফেরাতে হবে। এ জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে অর্থনৈতিক অবরোধ দিতে জাতিসংঘ ও প্রভাবশালী দেশগুলোকে কাজে লাগাতে হবে। এ ছাড়া কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। কারণ, রোহিঙ্গারা হাজার বছর ধরে স্বাধীন আরাকান রাজ্যের নাগরিক ছিল। ১৯৮২ সালে তাদের নাগরিকত্ব বাতিল করে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। মিয়ানমার সরকারের এই সিদ্ধান্ত ছিল বর্বর, অমানবিক ও অন্যায্য।
সংবাদ সম্মেলনে বলা হয়, কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেখানে কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব হওয়ার আশঙ্কা রয়েছে। রোহিঙ্গারা যাতে আশ্রয় শিবিরের বাইরে যেতে না পারে, সে ব্যাপারেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। আর আশ্রয় শিবিরগুলোতে শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক রোহিঙ্গার জন্য জরুরি ভিত্তিতে পরিচয়পত্র নিশ্চিত করতে হবে। আশ্রয় শিবিরে নিরাপদ পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। শীতের মৌসুম আসার আগে প্রত্যেকের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করতে হবে। সেনাবাহিনী দিয়ে ত্রাণকাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য পর্যাপ্ত ত্রাণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে সাহায্য চাইতে হবে। সমন্বিতভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ ছিটিয়ে দেওয়ার সমালোচনা করে বলা হয়, এতে যার শক্তি আছে, সে ত্রাণ পাচ্ছে। কিন্তু নারী ও শিশুরা ত্রাণ পাচ্ছে না। এভাবে ত্রাণ ছিটিয়ে দিলে দুর্ঘটনারও আশঙ্কা থাকে। তাই কোনোভাবে ত্রাণ ছিটিয়ে দেওয়া যাবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও কঠোর হতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ফোরামের মহাসচিব কামাল উদ্দিন। এতে ফোরামের ভাইস চেয়ারম্যান হাসিনা জাফরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।