রোহিঙ্গাদের ফেরত নিতে হবে: জার্মান রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনজ। দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া।
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনজ। দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া।

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ। তিনি বলেছেন, রোহিঙ্গাদের মাতৃভূমি হলো রাখাইন। সেখানে তারা প্রজন্ম ধরে বসবাস করছে। অবশ্যই তাদের ফেরত যেতে দিতে হবে, তবে সেটা হতে হবে তাদের ইচ্ছাধীন। রাখাইনে নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে। তবে পরিস্থিতি এখনকার মতো থাকলে তাদের ফেরত পাঠানো কোনো মানে হয় না।
বাংলাদেশে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলোর সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) এক মধ্যাহ্ন ভোজসভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন। আজ বুধবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এ ভোজসভা অনুষ্ঠিত হয়।
এফআইসিসিআই নিয়মিত এ ধরনের সভা আয়োজন করে। এবারের সভায় বক্তা ছিলেন টমাস প্রিনজ। জার্মান রাষ্ট্রদূত প্রায় ২৫ মিনিটের বক্তব্যে বেশির ভাগ সময় জার্মানির নির্বাচন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভবিষ্যৎ, ইউরোপে শরণার্থী সংকট ইত্যাদি নিয়ে কথা বলেন। শেষ দিকে কথা বলেন বাংলাদেশে বিনিয়োগ ও রোহিঙ্গাদের নিয়ে।
সিরিয়া ও অন্যান্য দেশ থেকে যাওয়া শরণার্থীদের জার্মানিতে আশ্রয় দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত বলেন, প্রথমে দ্রুত তাদের নিবন্ধন করা হয়েছে। এরপর সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন জার্মানির প্রত্যেকটি গ্রামে একটি-দুটি করে শরণার্থী পরিবার পাওয়া যাবে। ওই সব গ্রামে আগে থেকেই স্বাস্থ্যসেবার ব্যবস্থা ছিল, শিক্ষার ব্যবস্থা ছিল। ফলে শরণার্থীদের আশ্রয় দিয়ে নতুন করে চাপ বাড়েনি। তবে তাদের জার্মান ভাষা শেখার ব্যবস্থা করতে হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ জার্মানির অভিজ্ঞতা থেকে শিখতে পারে। দীর্ঘমেয়াদে বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয় দিতে হলে তাদের বিভিন্ন শহর ও গ্রামে ভাগে ভাগে রাখা যায়। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে এবং রোহিঙ্গাদের সহায়তা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
জার্মান রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে জার্মানি বাংলাদেশ সরকারকে সমর্থন করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের মঞ্চে এফআইসিসিআইয়ের সভাপতি রূপালী চৌধুরী, সদস্য এডউইন বোলস ও নির্বাহী পরিচালক জামিল ওসমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোজসভায় অংশ নেন।