রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভূমিকা নেবে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল এক রোহিঙ্গা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। গতকাল কুতুপালং আশ্রয়শিবিরে l আবীর আবদুল্লাহ/ইপিএ
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল এক রোহিঙ্গা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। গতকাল কুতুপালং আশ্রয়শিবিরে l আবীর আবদুল্লাহ/ইপিএ

রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘নির্মম’ বলে উল্লেখ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল। গতকাল রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সাংবাদিকদের তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা নির্যাতন এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর পাশে ছিলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টর্ম, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদরিকা মুঘেরিনি। প্রায় সোয়া এক ঘণ্টা তাঁরা শিবির ঘুরে দেখেন এবং রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষদের সঙ্গে কথা বলেন।

গতকাল দুপুর ১২টায় তিনটি হেলিকপ্টারে করে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলটি ঢাকা থেকে প্রথমে উখিয়ার ইনানীতে বাংলাদেশের সেনাবাহিনীর একটি বিশ্রামাগারে যায়। সেখান থেকে সড়কপথে প্রায় ১৫ কিলোমিটার দূরে তাদের কুতুপালংয়ের রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিয়ে যান বাংলাদেশের 

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম ও পররাষ্ট্রসচিব শহীদুল হক।

প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা শিবিরে আইওএম পরিচালিত একটি প্রাথমিক চিকিৎসা সেবাকেন্দ্র ঘুরে দেখেন। এ ছাড়া ত্রাণ বিতরণকেন্দ্রের কার্যক্রমও পরিদর্শন করেন। অন্তত ২০ জন রোহিঙ্গার মুখ থেকে তাঁরা মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, গণধর্ষণ, লুটপাট ও গ্রাম পোড়ানোর ভয়াবহ বর্ণনা শোনেন।

শিবির ঘুরে দেখার সময় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এক রোহিঙ্গা শিশুকে কাছে টেনে নেন। দোভাষীর সহায়তায় শিশুটির সঙ্গে কথা বলেন তিনি। কুলসুমা আক্তার (১২) নামের শিশুটি তাঁকে জানায়, তাদের বাড়ি রাখাইন রাজ্যের সাহেব বাজারে। একদিন বিকেলে হঠাৎ মিয়ানমার সেনাবাহিনী এসে তাদের ও আশপাশের বাড়ির ওপর গুলি চালায়। পরে আগুন ধরিয়ে দেয়। ওই সময় সেনাবাহিনী তার বাবা আবু ছিদ্দিককে গুলি করে হত্যা করে।

রোহিঙ্গাদের কাছ থেকে নির্যাতনের বীভৎস সব বর্ণনা শোনার পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এত ভয়াবহ চিত্র কোথাও নেই, যেখানে অল্প জায়গায় এত মানুষ একসঙ্গে থাকছে। বাংলাদেশের একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। আসেম বৈঠকে রোহিঙ্গা সমস্যার বিষয়টি তোলা হবে। এ নিয়ে আলোচনা করা হবে।

 পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এশিয়া-ইউরোপ সম্মেলন (আসেম) আজ সোমবার শুরু হচ্ছে মিয়ানমারে। বাংলাদেশ সফরে আসা তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্মেলনে অংশ নেবেন।

তিন দেশের মন্ত্রীর রোহিঙ্গা শিবির পরিদর্শন নিয়ে পরে উখিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত ফেরত পাঠাতে আসেম সম্মেলনে তাঁরা সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন।