রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদূর ভবিষ্যতে একটি স্থায়ী সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কাজ চলছে। তবে তা কখন, কোন সময় বাস্তবায়ন হবে তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না।

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গেলে এ কথা বলেন জাতিসংঘের মানবাধিকার ও শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি। গতকাল সোমবার তিনি শিবির পরিদর্শন করেন। এ সময় ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

ঢাকা থেকে বিমানে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর প্রতিনিধিদলটি সড়কপথে ২৫ কিলোমিটার দূরের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে যায়। এই শিবিরে ১৯৯০ সাল থেকে অবস্থান করছেন প্রায় ১৮ হাজার রোহিঙ্গা শরণার্থী।

বেলা সাড়ে ১১টার দিকে এই শিবিরের একটি কমিউনিটি হলে ২৪ জন রোহিঙ্গার সঙ্গে বৈঠক করেন ফিলিপ্পো গ্রান্ডি। তিনি প্রথমে রোহিঙ্গাদের খোঁজ নেন। এরপর কোনো অভিযোগ আছে কি না জানতে চান।

এ সময় একজন রোহিঙ্গা বলেন, ‘বাংলাদেশ সরকার আমাদের (রোহিঙ্গাদের) যথেষ্ট সহযোগিতা দিচ্ছে। কিন্তু এখানে প্রকৃত সুখ-শান্তি পাচ্ছি না। আমরা নিজ জন্মভূমিতে ফিরতে চাই।’

 আরেক রোহিঙ্গা বলেন, শিবিরে রোহিঙ্গা ছেলে-মেয়েদের উন্নত শিক্ষার ব্যবস্থা অপ্রতুল। শিবিরের ভেতরে ও বাইরে কাজ করার সুযোগও নেই।  রোহিঙ্গা নারী-পুরুষের জন্য আলাদা চিকিৎসাব্যবস্থা দরকার। তিনি নাগরিকত্ব প্রদানের মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করার দাবি জানান।

রোহিঙ্গারা তাঁদের আশ্রয় ও পর্যাপ্ত সেবা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের প্রতি কৃতজ্ঞতা জানান।

রোহিঙ্গাদের উদ্দেশে ফিলিপ্পো গ্রান্ডি বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর যৌথভাবে রোহিঙ্গাদের জন্য কাজ করছে। রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিপূর্বে বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে একাধিকবার আলাপ-আলোচনা করেছে। বর্তমানেও তা অব্যাহত আছে। 

বৈঠক শেষে হাইকমিশনার হেঁটে শিবিরের ভেতরে ঢোকেন। সেখানে একটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে কথা বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিনিধিদলটি কক্সবাজার শহরে রওনা হয়।

তবে এই শরণার্থী শিবিরের পাশে লাগোয়া ‘কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে’ যাননি তিনি। গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যে তিনটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় অত্যাচার ও নির্যাতনের মুখে প্রায় ৯০ হাজার ( জাতিসংঘের তথ্য মতে ৭৪ হাজার) রোহিঙ্গা নাফ নদী অতিক্রম করে টেকনাফ ও উখিয়ার চারটি পৃথক রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছে।

বেলা তিনটার দিকে ফিলিপ্পো গ্রান্ডি কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে তাঁর কার্যালয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন। এ সময় জেলা প্রশাসক হাইকমিশনারকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অবস্থান পরিস্থিতি তুলে ধরেন। বৈঠক শেষে তিনি ঢাকায় ফিরে গেছেন।