রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবিতে উখিয়ায় অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর দাবিতে গতকাল রোববার কক্সবাজারের উখিয়া উপজেলায় অবরোধ কর্মসূচি পালন করেছে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম কমিটি।সংগ্রাম কমিটির আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো ও প্রত্যাবাসনের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এসব সংস্থার গাড়ি অবরোধ কর্মসূচি চলবে।উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে দায়িত্বরত কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, অবরোধের ফলে শিবিরে বিভিন্ন সংস্থার কার্যক্রম বন্ধ ছিল।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সংগ্রাম কমিটির নেতা, সদস্য ও বিক্ষুব্ধ জনতা উখিয়া বাসস্টেশনে ও কুতুপালং শরণার্থী শিবিরের প্রবেশ মুখে সকাল আটটা থেকে অবস্থান নেয়। এ সময় বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী গাড়ি শরণার্থী শিবিরের উদ্দেশে যেতে চাইলে বাধা দেওয়া হয়। যাত্রীবাহী বাস থেকেও অনেক কর্মকর্তা-কর্মচারীকে নামিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। বেলা ১১টার দিকে ইউএনএইচসিআরের দুটি গাড়িও অবরোধের মুখে পড়ে। বাধা পেয়ে এসব গাড়ি ফিরে যায়। একই দাবিতে উখিয়া সদর বাসস্টেশনের কাছে দুপুর একটা পর্যন্ত সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন সংগ্রাম কমিটির উপদেষ্টা মোহাম্মদ হোছাইন খান, আদিল চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, আহ্বায়ক হামিদুল হক চৌধুরী, সদস্যসচিব নূর মোহাম্মদ সিকদার, সদস্য সুলতান মাহমুদ চৌধুরী, মুজিবুল হক আজাদ, রিয়াজুল হক প্রমুখ।দুপুর দুইটার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক কক্সবাজার কার্যালয়ের সহকারী কমিশনার শাহরিয়ার কবির উদ্ভূত পরিস্থিতিতে কুতুপালং শরণার্থী শিবিরে সংগ্রাম কমিটির নেতাদের নিয়ে বৈঠকে বসেন। বিকেল পাঁচটা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে তিনি সংগ্রাম কমিটির দাবি গুরুত্বসহকারে শোনেন এবং তা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে আশ্বস্ত করেন।