রোহিঙ্গাদের ফেরাতে চাপ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নারী–পুরুষ–শিশুদের ঢল যেন থামছেই না। গতকালও অনেককে কক্সবাজারের উখিয়ার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে ঢুকতে দেখা যায় l ছবি: প্রথম আলো
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নারী–পুরুষ–শিশুদের ঢল যেন থামছেই না। গতকালও অনেককে কক্সবাজারের উখিয়ার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে ঢুকতে দেখা যায় l ছবি: প্রথম আলো

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাত থেকে প্রাণে বাঁচতে দুই সপ্তাহে বিপুলসংখ্যক রোহিঙ্গা এ দেশে ঢুকে পড়েছে। বাংলাদেশ মানবিক কারণে এদের আশ্রয় দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের দায়িত্বশীল কয়েকজন মন্ত্রী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াসহ এই সমস্যার সমাধানে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন।

এদিকে রাখাইনে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লায়েং। ১ সেপ্টেম্বর মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিডোতে এক অনুষ্ঠানে তিনি রাখাইনের অসমাপ্ত এজেন্ডা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর দাবি, আগের সরকার সেখানকার সমস্যার সমাধান করতে পারেনি। বর্তমান সরকার তা গুরুত্বের সঙ্গেই দেখছে।

মিয়ানমারের কূটনৈতিক সূত্রগুলোর সঙ্গে গত সোমবার ও গতকাল যোগাযোগ করে জানা গেছে, রাখাইনে গত ১০ জুলাইয়ের পর থেকে ৫ হাজার সেনার নিয়মিত ডিভিশনের পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে সেনা অভিযান বন্ধ হলে শান্তিপূর্ণ অবস্থা ফিরবে। তার ফলে জাতিসংঘের সাবেক মহাসচিবের নেতৃত্বাধীন কমিশনের প্রতিবেদনের সুপারিশ মানার বাধ্যবাধকতা তৈরি হবে মিয়ানমারের জন্য। যে কাজটি করতে মোটেই তৈরি নয় মিয়ানমার।

আনান কমিশন গত ২৪ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে রাখাইনে জঙ্গিবাদের ঝুঁকি এড়িয়ে শান্তি ফিরিয়ে আনতে মিয়ানমার কর্তৃপক্ষকে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও চলাফেরার ওপর বিধিনিষেধ তুলে নিতে বলেছিল। কমিশন এটাও বলেছিল, রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য একটি নির্দিষ্ট কৌশল ও সময়সীমা ঠিক করতে হবে, যা হবে স্বচ্ছ ও বিদ্যমান আইনের সঙ্গে সংগতিপূর্ণ। প্রতিবেদন প্রকাশের দিন গভীর রাতে তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার ছুতোয় নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠীকে হত্যা আর তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে বাংলাদেশে আসতে বাধ্য করছে মিয়ানমার।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেছেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য যে বোঝা হয়ে দাঁড়িয়েছে, তা নিরসনে সহযোগিতা করতে তাঁর দেশ প্রস্তুত আছে। ইন্দোনেশিয়া আশা করে, রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়কর বর্তমান পরিস্থিতির অবসান হবে। গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে মারসুদি এ কথা বলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।

মারসুদি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মূলত তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যার বিষয়ে বাংলাদেশের মতো ইন্দোনেশিয়াও সহানুভূতিশীল। এই সমস্যা বাংলাদেশের জন্য যে বোঝা হয়ে দাঁড়িয়েছে, তা হালকা করার জন্য ইন্দোনেশিয়া সহযোগিতা করতে প্রস্তুত আছে। তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

এদিকে রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু কাল বৃহস্পতিবার কক্সবাজার আসছেন। সম্প্রতি রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে টেলিফোনে আলাপকালে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ দেখিয়েছেন।

বাসস জানায়, বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিককে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য বিরাট বোঝা। আমরা শুধু মানবিক দিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছি।’

গতকাল ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূত রিনা প্রিতিয়াসমিয়ারসি সোয়েমারনো প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, গত মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত শুরুর পর থেকে প্রায় ১ লাখ ২৩ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে। ইউএনএইচসিআরের মুখপাত্র দুনিয়া আসলাম খান গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, মিয়ানমারের চলমান সংঘর্ষ নিয়ে ইউএনএইচসিআর উদ্বিগ্ন। নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয়ে সাধারণ লোকজন মারা যাচ্ছে। যারা বাংলাদেশে পৌঁছেছে, তারাও দুরবস্থার মধ্যে আছে। বেশির ভাগই হেঁটে নিজেদের গ্রাম থেকে জঙ্গলে লুকিয়ে, পাহাড় ডিঙিয়ে এবং নদী পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে। তারা ক্ষুধার্ত, দুর্বল ও অসুস্থ।

রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ইউএনএইচসিআরের মুখপাত্র। তিনি বলেন, সংঘাতের কারণে যারা পালিয়ে আসছে, তাদের জায়গা দিতে ইউএনএইচসিআর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। নতুন যারা আসছে, তাদের নিবন্ধন করা হলে সাহায্যকারী সংস্থাগুলোর পক্ষে গুরুত্ব বিবেচনা করা এবং সহায়তা করা সম্ভব হবে।

আসলাম খান বলেন, সোমবার ইউএনএইচসিআর একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু কাপড়, প্লাস্টিকশিট এবং ত্রাণসামগ্রী বিতরণ করেছে। প্রতিদিন শত শত নতুন শরণার্থী আসায় কুতুপালং এবং নয়াপাড়া শরণার্থী শিবির ভেঙে পড়ার উপক্রম হয়েছে। নতুন শরণার্থীদের আগের শরণার্থী পরিবার, স্কুল, কমিউনিটি সেন্টার, মাদ্রাসা এবং ছাউনি দেওয়া অবকাঠামোয় আশ্রয় দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক জায়গা পাওয়া যাচ্ছে না। আরও শরণার্থী আসতে থাকায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত আশ্রয়কেন্দ্র প্রয়োজন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সেনা অভিযানে রোহিঙ্গা বেসামরিক নাগরিকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ বলছে, রাখাইন রাজ্যের সাড়ে তিন লাখ অরক্ষিত জনগণের কাছে পৌঁছাতে মানবাধিকারকর্মীদের অবাধ প্রবেশাধিকার জরুরি।

ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার ক্রিস্টস স্টিলিয়ানাইডেস গতকাল এক বিবৃতিতে বলেন, ‘আমি সব পক্ষকে ধাপে ধাপে উত্তেজনা কমাতে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সম্পূর্ণরূপে পালন করতে বিশেষ করে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।’ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন।