রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে বোঝান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাসস
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাসস

রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করানোর জন্য জাপানসহ আন্তর্জাতিক সংস্থার প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের অবশ্যই তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। মিয়ানমারকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বোঝাতে হবে।’

দুই দিনের সফরে বাংলাদেশে আসা জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো আজ মঙ্গলবার গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী এ দেশে আশ্রয় নিয়েছে। তারা সংখ্যায় কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও ছাড়িয়ে যাওয়ায় নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। কক্সবাজারের স্থানীয় জনগণ এ কারণে ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছে। তাদের চাষাবাদের জমিগুলোতে পর্যন্ত রোহিঙ্গাদের আশ্রয় নিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাই আমরা স্থানীয় জনগণকেও সহায়তা প্রদান করছি।’

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে চুক্তি সম্পাদনের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যদিও নেপিডো রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল, তথাপি তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি বলেন, ‘আমরা এসব রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।’

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য এবং স্বেচ্ছাসেবকেরা রোহিঙ্গাদের কষ্ট লাঘব করতে কক্সবাজারে কাজ করে যাচ্ছে। তারাও দেশে ফেরার পর এসব রোহিঙ্গার নিজ দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করতে পারে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, তিনি তাঁর সাম্প্রতিক মিয়ানমার সফরে দেশটির প্রেসিডেন্ট উইস মিন্ট এবং স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, মিয়ানমারের নেতারা তাঁকে জানান, তাঁরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার পর যাতে ভালো পরিবেশে রোহিঙ্গারা বসবাস করতে পারে সে জন্য রাখাইন স্টেটে ঘরবাড়ি এবং স্কুল নির্মাণ কর্মসূচি দ্রুত সম্পন্ন করার জন্য আমি তাঁদেরকে বলেছি।’ তারো কোনো বলেন, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলো যাতে মিয়ানমায়ের প্রতিনিধিদল পাঠিয়ে পরিদর্শন করানো হয় এবং রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে তারা যেন বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, সে জন্যও তিনি মিয়ানমারের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।