রোহিঙ্গাদের ফেরানো মিয়ানমারের দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান রিচার্ড বলেছেন, মিয়ানমারের দায়িত্ব অন্য দেশে আশ্রয় গ্রহণ করা তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া। তাই রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারকে চাপ দেওয়া।
গতকাল শুক্রবার বিকেলে মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তা রাজধানীর আমেরিকান ক্লাবে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানের বিষয়ে এ মন্তব্য করেন। চার দিনের বাংলাদেশ সফর শেষ করার আগে অ্যান রিচার্ড গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশ সফরের আগে অ্যান রিচার্ড মিয়ানমার সফর করেন। ওই সফরের সময় তিনি সেখানকার সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কথা বলেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সর্বশেষ অবস্থা বুঝতে রাখাইন প্রদেশ সফর করেন। আর চার দিনের বাংলাদেশ সফরের সময় সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ও অস্থায়ী ছাউনি ঘুরে দেখেন।
প্রথম বাংলাদেশ সফরে এসে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কক্সবাজারের শরণার্থী শিবির ও অস্থায়ী ছাউনি পরিদর্শনের পর বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশ যে উদার ভূমিকা রাখছে, তা বিশ্বের যেকোনো দেশের জন্য দৃষ্টান্ত হতে পারে। টেকনাফ সফরের সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের লোকজনের সঙ্গে কথা বলেও বাংলাদেশের প্রতি তাদের কৃতজ্ঞতার বিষয়টি তিনি বুঝতে পেরেছেন বলে জানান।
অ্যান রিচার্ড মনে করেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানের জন্য তাদের প্রতি এমন আচরণ করা উচিত, যাতে তারা মাতৃভূমিতে নির্ভয়ে ফিরে যেতে পারে। তবে অন্য দেশে পালিয়ে যাওয়া এসব মানুষের একটি ক্ষুদ্র অংশ এত নির্মমভাবে নির্যাতিত হয়েছে, তারা কখনোই মিয়ানমারে ফিরবে না। তাদের তৃতীয় দেশে পুনর্বাসন করাটা যথার্থ।
রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানের ক্ষেত্রে তৃতীয় দেশে পুনর্বাসনকে সমাধানের চূড়ান্ত উপায় হিসেবে মানতে রাজি নন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পুনর্বাসনের বিষয়টি অধিকাংশ রোহিঙ্গা শরণার্থীর জন্য সমাধানের উপায় নয়। তাদের নিজ দেশে ফেরত পাঠানোই সমস্যার চূড়ান্ত সমাধান।
কক্সবাজারে রোহিঙ্গাদের দেখার পর অ্যান রিচার্ড মনে করেন, বর্তমানে মানবেতর জীবন যাপন করলেও রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ, তারা বাংলাদেশে কিছুটা হলে স্বাধীনতা ভোগ করে। রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি আদায়ের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অ্যান রিচার্ড রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থার ভূমিকার প্রশংসা করেন।
ইতিমধ্যেই মার্কিন সরকার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ইউএনএইচসিআর) যে কাজ করছে, তা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে।