রোহিঙ্গাদের বিতাড়ন না করতে মিয়ানমারকে জাতিসংঘের সতর্কতা
জাতিগত সংঘাতকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত না করার জন্য মিয়ানমারকে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এই সংঘাত বন্ধ এবং মুসলিমদের রক্ষা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের সঙ্গে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের সংঘর্ষে গত ১০ দিনে ৮৯ জন নিহত হয়েছে বলে সরকারি হিসাবে জানানো হয়েছে।মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত টমাস ওজেয়া কুইনতানা এবং সংখ্যালঘু ও অভ্যন্তরীণ শরণার্থীবিষয়ক বিশেষজ্ঞরা গত বুধবার এক যৌথ বিবৃতিতে বলেন, একটি অবহেলিত সম্প্রদায়কে চিরতরে দেশ থেকে বিতাড়িত করতে এই সহিংস পরিস্থিতিকে কোনোভাবেই সুযোগ হিসেবে ব্যবহার করা যাবে না। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী এবং দেশহীন একটি জাতি হিসেবে উল্লেখ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।বিবৃতিতে বলা হয়, মিয়ানমার যদি তাদের চলমান গণতান্ত্রিক সংস্কার-প্রক্রিয়ায় সফল হতে চায়, তাহলে মানবাধিকার চ্যালেঞ্জ সুরক্ষায় দৃঢ় পদক্ষেপ নিতে হবে। রাখাইন প্রদেশে এখন যা ঘটছে, তা সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের বৈষম্যের ফল। এই বৈষম্যের সঙ্গে স্থানীয় এবং জাতীয় সরকারও জড়িত।জাতিসংঘ জানায়, সাম্প্রতিক সহিংসতায় ২৮ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং তাদের ৯৭ শতাংশের বেশি রোহিঙ্গা মুসলিম। এর আগে গত জুনে একই ধরনের সহিংসতায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছিল। গৃহহারা হয়েছিল ৭৫ হাজারের বেশি মানুষ। তাদের বেশির ভাগ এখন বিভিন্ন শরণার্থী শিবিরে বাস করছে।প্রতিবেশী দেশগুলোকে প্রস্তুত থাকার আহ্বান: জাতিগত সংঘাতের কারণে রোহিঙ্গারা দেশ ছেড়ে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোতে ঢুকতে পারে। তাদের গ্রহণে ওইসব দেশকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র ভিভিয়ান তান গতকাল বলেন, মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোকে তাদের সীমান্ত খোলা রাখতে এবং রোহিঙ্গাদের নিরাপদে ঢুকতে দেওয়া ও তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের একটি নিরাপদ আশ্রয় প্রয়োজন।