মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন
রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতি নির্মূলের অভিযান চালিয়েছে মিয়ানমার

রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নৃশংসতায় জাতি নির্মূলের উপাদান পাওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র। রাখাইনে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের নানা উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। আর নৃশংসতায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে ব্যক্তিভিত্তিক সম্ভাব্য নিষেধাজ্ঞাও যুক্তরাষ্টের বিবেচনায় আছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতকাল বুধবার ওয়াশিংটনে এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রচারিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক মিয়ানমার সফর নিয়ে রেক্স টিলারসন এ মন্তব্য করেছেন।
রেক্স টিলারসনের মতে, এই সংকটে মিয়ানমার সরকার কী পদক্ষেপ নেয় তার ওপর দেশের গণতান্ত্রিক সমাজের উত্তরণের সাফল্য নির্ভর করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত ২৫ আগষ্ট নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার ব্যাপারে আবারও নিন্দা জানিয়েছেন। রেক্স টিলারসন বলেন, এরপরও উসকানির জবাব দিতে ভয়াবহ নৃশংসতার পক্ষে সাফাই গাওয়ার কোনো যুক্তি নেই। মিয়ানমারের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, স্থানীয় উচ্ছৃঙ্খল গোষ্ঠীর হামলা লাখ লাখ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। যেসব তথ্য পাওয়া গেছে, সতর্কতার সঙ্গে বিস্তারিতভাবে বিশ্লেষণের পর এটা স্পষ্ট যে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে যা হয়েছে তা জাতি নির্মূল। ওই নৃশংসতায় জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে। সেখানে দায়বদ্ধতা প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্ত পরিচালনায় যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে। রাখাইন সংকট সমাধানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও থার্ড কমিটিতে গঠনমূলক পদক্ষেপে যুক্তরাষ্ট্র সমর্থন করেছে। ব্যক্তিকে লক্ষ্য করে সম্ভাব্য নিষেধাজ্ঞাসহ মার্কিন আইন অনুযায়ী জবাবদিহি নিশ্চিতের পথে এগোবে যুক্তরাষ্ট্র।