রোহিঙ্গাদের বিষয়টি মানবিকভাবে দেখা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি মানবিকভাবে দেখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এরিক পি শুয়ার্টজ।গতকাল বৃহস্পতিবার ঢাকায় আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে শুয়ার্টজ এ আহ্বান জানান। তিনি বলেন, শরণার্থীর বিষয়টি মানবিক। তবে এর সমাধান অবশ্যই রাজনৈতিকভাবে করতে হবে। ইচ্ছার বিরুদ্ধে কাউকে ফেরত পাঠানো ঠিক হবে না।শুয়ার্টজ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে দেশটিতে রাজনৈতিক সংস্কার প্রয়োজন। যুক্তরাষ্ট্র মিয়ানমারে রাজনৈতিক সংস্কারকে উৎসাহিত করছে বলে তিনি জানান।বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের বোঝা আর কতকাল বইবে, এ প্রশ্নের জবাবে শুয়ার্টজ বলেন, শরণার্থীর সমস্যা কতটা গুরুত্বপূর্ণ, সেটা বাংলাদেশের চেয়ে ভালো আর কে জানে। কাজেই বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মানবিক দিকগুলো অনুধাবন করবে।এরিক পি শুয়ার্টজ তিন দিনের সফরে গত মঙ্গলবার বাংলাদেশে আসেন। তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেন। এরপর তিনি বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক এবং গতকাল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করেন মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজারের নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ও অনিবন্ধিত রোহিঙ্গাদের সহায়তা ও টেকসই সমাধান খুঁজে বের করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। মানবিক বিষয় বলেই যুক্তরাষ্ট্র এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। এখানে অন্য উদ্দেশ্য নেই।