কক্সবাজারে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় প্রশাসন। দীর্ঘ সময় ধরে তারা এ দেশে অবৈধভাবে অবস্থান করলেও মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না। উল্টো প্রায় প্রতিদিনই সীমান্ত পেরিয়ে কক্সবাজারে ঢুকছে রোহিঙ্গারা। ১০ বছরে অবৈধ রোহিঙ্গাদের তালিকা করা সম্ভব হয়নি। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে দেশব্যাপী শুরু হওয়া আদমশুমারিতে রোহিঙ্গাদের গণনা নিয়ে কোনো নির্দেশনা না থাকায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সম্প্রতি রোহিঙ্গা প্রতিরোধ সংগ্রাম কমিটি টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত সড়ক পথে তিন দিনের হাঁটা কর্মসূচি পালন করে ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে জেলায় বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা প্রায় চার লাখ উল্লেখ করে তাদের তালিকা তৈরি, মিয়ানমারে ফেরত পাঠানো, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।কমিটির সভাপতি মোজান্মেল হক জানান, রোহিঙ্গারা আমাদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। শ্রমবাজার দখলের পাশাপাশি রোহিঙ্গারা অসামাজিক কার্যকলাপ ও মাদক পাচারে জড়িয়ে পড়েছে। ১০ বছর পর আগামী ১৫ মার্চ থেকে যে আদমশুমারি হচ্ছে তাতেও রোহিঙ্গাদের বাদ রাখা হচ্ছে। তিনি জানান, ১৯৯১ সালে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের আড়াই লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়। ১৯৯৭ সাল পর্যন্ত দুই লাখ ২০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হলেও পরবর্তী সময়ে তারা আবার ফিরে আসে। বর্তমানে উখিয়ার কুতুবপালং ও টেকনাফের বিভিন্ন স্থানে দুই লাখের বেশি রোহিঙ্গা বসতি স্থাপন করেছে।স্থানীয় বাসিন্দারা জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদমশুমারি ও গৃহ গণনা ২০১১ সম্পর্কিত বিজ্ঞাপনে বিদেশি নাগরিক অর্থাৎ রোহিঙ্গাদের গণনার (তালিকা তৈরি) ব্যাপারে কোনো দিকনির্দেশনা নেই। ফলে এবারও রোহিঙ্গারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। শহরের সচেতন নাগরিকদের নিয়ে গঠিত কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, আদমশুমারি চলার সময় বহিরাগত রোহিঙ্গাদের গণনা করে একটি তালিকা তৈরি খুব জরুরি। অন্যথায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা রোহিঙ্গারা জনগণের সঙ্গে মিশে গেলে নতুন করে তালিকা তৈরিতে সমস্যা দেখা দিতে পারে।উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ এবং রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম কমিটির আহ্বায়ক হামিদুল হক চৌধুরী জানান, উখিয়া ও টেকনাফ উপজেলায় বর্তমানে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বসবাস করছে। আদমশুমারির সময় এদেরও গণনা করে একটি সংরক্ষিত জায়গায় রাখা গেলে পরবর্তী সময়ে মিয়ানমারে ফেরত পাঠাতে সুবিধা হবে। সরকারের পক্ষেও বলা সম্ভব হবে এরা মিয়ানমারের নাগরিক। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মধ্য থেকে ইতিমধ্যে ৮৫৬ জনকে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেনসহ বিভিন্ন উন্নত রাষ্ট্রে পুনর্বাসন করায় নতুন করে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। মিয়ানমারের কয়েকটি জঙ্গি সংগঠন উখিয়া, টেকনাফ শরণার্থী শিবিরে আস্তানা গেড়ে রোহিঙ্গা অনুপ্রবেশে উৎসাহিত করছে।টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজান্মেল হোসেন জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে। অনুপ্রবেশের সময় আটক করে গত কয়েক মাসে তিন হাজারের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তার পরও দুর্গম সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গারা ঢুকে পড়ছে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, আদমশুমারির সময় রোহিঙ্গাদের অবশ্যই গণনা করা উচিত। এ ব্যাপারে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি জানান, রোহিঙ্গাদের কারণে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। চুরি-ডাকাতি-ছিনতাই থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপে রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি তালিকা খুবই জরুরি।