রোহিঙ্গাদের ভাগাভাগি করে নেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পক্ষে এত রোহিঙ্গার বাসস্থানের ব্যবস্থা করা দুরূহ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘মিয়ানমার অমানবিক কাজ করে চলেছে। আমাদেরও তো সক্ষমতা থাকতে হবে, গতকাল মঙ্গলবারও ৩৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।’

সচিবালয়ে গতকাল বুধবার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ মনে করেন, বিশ্বের অন্য দেশগুলো রোহিঙ্গাদের আশ্রয় দিলে বাংলাদেশের ভার কিছুটা কমত। তাঁর মতে, বিশ্বের অন্য দেশগুলোর উচিত এই দুর্যোগ ভাগাভাগি করা।

বাণিজ্যমন্ত্রী এ-ও বলেন, ‘আমরা বিষয়টি মানবিক দিক থেকে দেখছি। ছবিতে দেখেছি একজন বৃদ্ধা, আমার মায়ের মতো, হাঁটতে পারেন না ঠিকমতো। পালিয়ে চলে এসেছেন বাংলাদেশে। মায়ের কোলে ছোট ছোট শিশুরাও আছে। আহা রে, কী কষ্ট! মিয়ানমার সরকারের উচিত তাদের ফিরিয়ে নেওয়া।’

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের চলমান সহিংসতা বন্ধে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

শান্তিতে নোবেল পাওয়া অং সান সু চির উদ্দেশে তোফায়েলের প্রশ্ন, ‘এসব কি শান্তির নমুনা? সু চির মধ্যে কি কোনো মানবিকতা নেই?’