রোহিঙ্গাদের ভিড়ে চিকিৎসা পাচ্ছে না কক্সবাজারের মানুষ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের গৃহিণী আকলিমা আকতারের (৪৫) তিন বছর বয়সী ছেলে জুনাইদ চার দিন ধরে সর্দিজ্বর ও শ্বাসকষ্টে ভুগছে। ভালো চিকিৎসার জন্য ৪০ কিলোমিটারের পাহাড়ি পথ পাড়ি দিয়ে গত বৃহস্পতিবার তিনি কক্সবাজার সদর হাসপাতালে আসেন। কিন্তু এখানে এসে রোগীর দীর্ঘ লাইন দেখে তিনি চিকিত্সকের নাগাল পাওয়ার বিষয়ে হতাশ হয়ে পড়েন।আকলিমা বলেন, ‘সকাল ১০টায় এসে ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে টিকিট পেলাম। এরপর থেকে লাইনে দাঁড়িয়ে আছি, সামনে ৫৩ জন। দুপুর ১২টার পর রোগী দেখা বন্ধ। শেষ পর্যন্ত ডাক্তার দেখাতে পারব কি না সন্দেহ।’ একই দুরবস্থার কথা জানান উখিয়া উপজেলার রাজাপালং গ্রামের সোনা বিবি (৩০), মহেশখালীর কুতুবজুমের রেহেনা বেগম (৩৫) ও খুরুশকুলের পালপাড়ার রিনা পাল (৪২)। তাঁদের অভিযোগ, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ভোরে হাসপাতালে এসে লাইনে দাঁড়ায়। আগেভাগে সেবা নিয়ে ফিরে যায়। আর এ কারণেই তাঁরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন।ওই দিন বেলা ১১টায় কোলে দেড় বছর বয়সী ছেলে মামুনকে নিয়ে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন রোহিঙ্গা নারী কুলসুমা বেগম (৩২)। তিনি জানান, দুই বছর আগে মিয়ানমারের মংডু থেকে তাঁরা চার পরিবারে ২৯ জন টেকনাফে অনুপ্রবেশ করেন। পাঁচ মাস আগে টেকনাফ থেকে তাঁরা বাসে করে কক্সবাজার এসে আশ্রয় নেন শহরের সমুদ্র উপকূলের ঝাউবাগানে। সেখানে কয়েক হাজার রোহিঙ্গার বসবাস। সবাই রোগশোক হলে এই হাসপাতালে আসেন। আরেক রোহিঙ্গা আবদুস সালাম (৫৭) বলেন, ‘এখানে না এলে আমরা কোথায় যাব? রোহিঙ্গা বলে কি বাঁচার অধিকার আমাদের নেই।’খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার সদর হাসপাতালের বহির্বিভাগে ওই দিন চিকিৎসা নিয়েছে এক হাজার ১৭৮ জন রোগী। এর মধ্যে অর্ধেকের বেশি রোহিঙ্গা। বাংলাদেশি পরিচয় দিয়ে রোহিঙ্গারা চিকিৎসাসেবা নিচ্ছে। শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে রোহিঙ্গাদের চেহারা ও কথাবার্তার মিল থাকায় তাদের শনাক্ত করা কঠিন। অনেক সময় শনাক্ত করা গেলেও করার কিছু থাকে না। এ ব্যাপারে সরকারি কোনো নির্দেশনাও নেই।আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, টেকনাফ ও উখিয়ার দুটি শিবিরে অবস্থানরত তালিকাভুক্ত প্রায় ২৫ হাজার রোহিঙ্গার চিকিৎসার জন্য এই হাসপাতালে আলাদা ব্যবস্থা রয়েছে। কিন্তু রোহিঙ্গারা স্থানীয় পরিচয় দিয়ে সেবা নিলেও করার কিছু থাকে না। কারণ রোহিঙ্গা শনাক্তকরণের কোনো পদ্ধতি তাঁদের নেই।একই অবস্থা টেকনাফ, উখিয়া, রামু ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সকাল আটটা থেকে রোহিঙ্গা নারীরা বোরকা পরে লাইনে দাঁড়ায়। তারপর সেবা নিয়ে বাড়ি ফেরে। আর স্থানীয় লোকজন এই সেবা থেকে হয় বঞ্চিত। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিত্সক জানান, এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চার শতাধিক রোগী সেবা নেয়। এর মধ্যে অর্ধেকের বেশি রোহিঙ্গা। জাতীয়তার সনদ প্রদর্শনের ব্যবস্থা থাকলে রোহিঙ্গারা এই সুবিধা নিতে পারত না।সুশাসনের জন্য নাগরিক কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, জেলার বিভিন্ন স্থানে বর্তমানে প্রায় চার লাখ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বসবাস করছে। রোগশোকে তারা স্থানীয় সরকারি হাসপাতাল চলে আসছে। অনেকে রোগী সেজে বিনামূল্যের ওষুধ হাতিয়ে নিয়ে বাজারে বিক্রি করে। এতে স্থানীয় লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, এই তত্পরতা বন্ধ করা শুধু চিকিত্সকদের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রশাসনকে বিশেষ উদ্যোগ নিতে হবে।