রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গতকাল রোববার ছাত্রলীগের নেতা-কর্মীরা ইউপি চেয়ারম্যানকে জিমিঞ্চ করে ভোটার তথ্য সংগ্রহ ফরমে প্রত্যয়ন নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যয়নপত্রে নির্বিচারে রোহিঙ্গা নয় ও স্থায়ী বাসিন্দা লিখে নেওয়া হলেও সেখানে অনেক রোহিঙ্গা বা মিয়ানমারের নাগরিক রয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।নাইক্ষ্যংছড়ির স্থানীয় লোকজন জানান, সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা সদরে শতাধিক লোক নিয়ে আসেন। তাঁরা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মংক্যচিং চাককে ভোটার ফরম পূরণের জন্য প্রত্যয়নপত্র দিতে চাপ প্রয়োগ করতে থাকেন। মংক্যচিং নির্বিচারে প্রত্যয়নপত্র দিতে অস্বীকার করে বের হয়ে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অফিসে তালা লাগিয়ে দেন।চেয়ারম্যান মংক্যচিং চাক বলেছেন, তিনি অফিস থেকে বের হয়ে বাড়ি চলে যান। সেখান থেকে তাঁকে অনেকটা জোর করে উপজেলা টিটিসি হলে ডেকে নিয়ে আসা হয়। সেখানে বসিয়ে নির্বিচারে ভোটার ফরমে সংযুক্ত একটি সাদা কাগজে লেখা প্রত্যয়নপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। প্রত্যয়নপত্রে যাঁকে প্রত্যয়ন করা হয়েছে তিনি নাইক্ষ্যংছড়ির স্থায়ী বাসিন্দা ও রোহিঙ্গা বা মিয়ানমারের নাগরিক নন। কাজের অথবা অসুস্থতার কারণে বিগত সময়ে ভোটার হতে পারেননি লেখা হয়েছে। এভাবে তথ্য সংগ্রহ করা কয়েক শ ভোটার ফরমের জন্য নিয়ে আসা প্রত্যয়নপত্রে স্বাক্ষর করে নেওয়া হয়েছে বলে মংক্যচিং স্বীকার করেছেন।উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ বলেছেন, ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী মংক্যচিংকে জিমিঞ্চ করে প্রত্যয়নপত্র দিতে বাধ্য করেছেন। তবে চূড়ান্ত যাচাই-বাছাইয়ে দেখা যাবে যাঁদের প্রত্যয়ন করা হয়েছে, তাঁরা ভোটার হওয়ার যোগ্য কি না। ছাত্রলীগের নাইক্ষ্যংছড়ির সভাপতি সাইফুদ্দিন মামুন বলেন, চেয়ারম্যান মংক্যচিং কাউকে প্রত্যয়নপত্র দিচ্ছেন না এবং অফিসেও আসেন না। এ জন্য স্থানীয় লোকজন খেপে যাওয়ায় তাঁরা চেয়ারম্যানকে ডেকে নিয়ে এসেছেন এবং প্রত্যয়নপত্র দিতে বলেছেন। ইউপি অফিসে কোনো কাজ না হলে খোলা থাকবে কেন—এ জন্য তালা মেরে দেওয়া হয়েছে বলে সাইফুদ্দিন মামুন বলেছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা নূরুল ইসলাম বলেছেন, টিটিসি হলে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সবাই ছিলেন। নির্বিচারে প্রত্যয়নপত্র নেওয়া হচ্ছে জানার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান থেকে এ রকম প্রত্যয়ন নেওয়ার ব্যাপারে ভোটার তালিকার বিধিবিধানে কোথাও বলা হয়নি বলে তিনি জানান। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা আবুল কালাম আজাদ বলেন, প্রত্যয়নপত্র ইউপি চেয়ারম্যান দিতে বাধ্য কি না, তাঁর জানা ছিল না। পরে বিষয়টি জেনে তিনি নিজে গিয়ে প্রত্যয়নপত্র দেওয়ার কাজ বন্ধ করে দিয়েছেন।