কক্সবাজারে নির্বাচন কমিশন সচিব
রোহিঙ্গাদের ভোটার করার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের ভোটার করা যাবে না। রোহিঙ্গাদের ভোটার করার প্রমাণ পাওয়া গেলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৫ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশন সচিব।
সিরাজুল ইসলাম বলেন, গতবার নির্বাচন কমিশন যাদের রোহিঙ্গা হিসেবে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছিল, এবারও তারা ফরম পূরণ করেছেন। এ জন্য তাঁরা স্থানীয় লোকজনকে বাবা-মা সাজিয়েছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ‘সামান্য কিছু টাকার জন্য এখানকার কিছু লোক রোহিঙ্গাদের ভোটার করতে সহযোগিতা দিচ্ছেন। বিষয়টি উদ্বেগজনক। এভাবে চলতে থাকলে একদিন রোহিঙ্গারা কক্সবাজারবাসীকে শাসন করবে।’
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম প্রমুখ।