রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার হতে না পারে সে জন্য কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, রোহিঙ্গাসহ অন্য কোনো দেশের নাগরিক যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সে জন্য পার্বত্য চট্টগ্রামসহ কয়েকটি জায়গায় বিশেষ কমিটি করা হয়েছে।
সিইসি বলেন, হালনাগাদকৃত ভোটার তালিকা ২০১৬ সালের ২ জানুয়ারি থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হবে। যাতে কারও বিরুদ্ধে আপত্তি থাকলে চিহ্নিত করা যায়। এরপর যাচাই-বাছাইয়ের কাজ চলবে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের নাম বাদ দেওয়া, মৃত্যু নিবন্ধন হালনাগাদ করা, যাচাই-বাছাই করে জন্ম নিবন্ধন সনদ প্রদান এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সহায়তা প্রদান বিষয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরসহ নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় করেন সিইসি।
সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান এবং চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘দুটি বিশেষ কারণে চট্টগ্রামে মতবিনিময় সভা করেছি। প্রথমটি হচ্ছে, নারী ভোটারদের অধিক হারে নিবন্ধনের লক্ষ্যে জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া। দ্বিতীয়টি হচ্ছে, মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। চট্টগ্রামের মেয়র ও তাঁর কর্মী বাহিনী এ কাজে সর্বাত্মক সহযোগিতা করতে সম্মত হয়েছেন।’
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, হালনাগাদ কার্যক্রমে বাদ পড়াদের জন্য নির্বাচন কমিশনের দুয়ার খোলা। এটি চলমান প্রক্রিয়া। ভুলত্রুটি সংশোধনও একইভাবে চলমান প্রক্রিয়া। স্মার্ট কার্ড ব্যয়বহুল। তাই এটি ভুলত্রুটিমুক্ত হওয়া দরকার।
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, আইন প্রণয়ন সংসদের বিষয়। সংবিধান ও আইন মোতাবেক কাজ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেদিন তফসিল ঘোষণা করা হবে, সেদিন যে আইন থাকবে সে অনুযায়ী এই নির্বাচন হবে।