রোহিঙ্গা জনগোষ্ঠী বা বিদেশিদের ভোটার হওয়া ঠেকাতে এবার ৩০টি বিশেষ এলাকা চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার দুপুরে নির্বাচন কমিশনে ভোটার হালনাগাদকরণ ২০১৭ কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা শেষে ইসি সচিবালয়ের সচিব এম আবদুল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম আবদুল্লাহ বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী বা বিদেশিরা যাতে ভোটার হতে না পারেন, সে জন্য আগে ২০টি বিশেষ এলাকা চিহ্নিত করা হয়েছিল। এবার এমন ১০টি এলাকা বাড়ানো হয়েছে। এসব এলাকায় বিশেষ কমিটি করা হয়েছে। কোনো বিদেশি নাগরিক যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন, এই কমিটি তা নজরদারি করবে। ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিকে তাঁর বাবা-মা, ফুফু, চাচার জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।
ইসি সচিব বলেন, ২৫ জুলাই থেকে ভোটার তালিকার তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। তিনি বলেন, ২০০০ সালের ১ জানুয়ারির আগে যাঁদের জন্ম, কিন্তু এখনো ভোটার হতে পারেননি, তাঁরা এবার ভোটার হওয়ার সুযোগ পাবেন। আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। হালনাগাদে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে। ভোটারের ঠিকানা স্থানান্তরেরও সুযোগ থাকবে। তবে তথ্য হালনাগাদে কারও নাম বা অন্য কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। ভোটার তালিকায় এবার প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হবে বলে আশা করছে ইসি।
আরেক প্রশ্নের জবাবে ইসির সচিব বলেন, নারী ভোটার বাড়ানোর ক্ষেত্রে এবার বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নারী নেতৃত্বে যাঁরা আছেন, বিশেষ করে নারী জনপ্রতিনিধি ও এনজিও কর্মীদের কাছে এই কার্যক্রমে সহযোগিতা চাওয়া হয়েছে।
এম আবদুল্লাহ বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সাত পর্যায়ে সাত ধরনের কমিটি করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় কমিটি, জেলা, উপজেলা, বিশেষ এলাকার জন্য আলাদা কমিটি, সিটি করপোরেশন এলাকার জন্য কমিটি, ক্যান্টনমেন্ট এলাকার জন্য কমিটি করা হয়েছে।
গতকালের সভায় সব বিভাগীয় কমিশনার, পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।