রোহিঙ্গাদের মানবেতর জীবন আট বছর প্রত্যাবাসন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালের ১১ সেপ্টেম্বর পাঁচ সদস্যের পরিবার নিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন আনোয়ার কামাল ( ৫৭)। আশ্রয় নেন টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে। সেখানে আরও ১৫ হাজার রোহিঙ্গার সঙ্গে ২১ বছর ধরে পরিবারসহ মানবেতর জীবন যাপন করছেন তিনি। মিয়ানমারে ফিরে যেতে চাইলেও আট বছর ধরে প্রত্যাবাসন বন্ধ থাকায় তাঁরা যেতে পারছেন না।আনোয়ার কামাল বলেন, মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই বলছেন না। গত বছরের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমার সফরের পর রোহিঙ্গাদের ফেরত নিতে সেখানকার সামরিক জান্তা রাজি হয়েছিল। কিন্তু সাম্প্রতিক জাতিগত দাঙ্গা শুরু হওয়ায় তা স্তিমিত হয়ে পড়ে। এখন তাঁদের দেশে ফেরা অনিশ্চিত। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ফিরোজ সালাহ উদ্দিন বলেন, মিয়ানমারের অনীহার কারণে ২০০৫ সালের ৫ মে থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বন্ধ রয়েছে। জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো শরণার্থী নিজ দেশে ফিরে যেতে না চাইলে তাঁকে জোর করে পাঠানো যায় না। আরআরআরসি কার্যালয় থেকে জানা গেছে, ১৯৯১ সালে মিয়ানমারের দুই লাখ ৫০ হাজার ৮৭৭ জন রোহিঙ্গা টেকনাফ, উখিয়াসহ জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। বর্তমানে উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ার দুটি শিবিরে প্রায় ২৯ হাজার শরণার্থী বাস করছে। অন্যরা মিয়ানমারে ফিরে গেছে। শরণার্থী শিবিরগুলো ঘুরে দেখা গেছে, সেখানে চরম অস্বাস্থ্যকর পরিবেশে রোহিঙ্গারা জীবন কাটাচ্ছে। অধিকাংশ ঘরের ওপরে পলিথিন আর বাঁশের বেড়া। সামান্য বৃষ্টিতেও ঘরের মধ্যে পানি পড়ে মেঝেগুলো কর্দমাক্ত হয়ে রয়েছে। সেই সঙ্গে রয়েছে বিশুদ্ধ পানির সংকট। কুতুপালং শিবিরের রোহিঙ্গা মদিনা খাতুন (৫৪) বলেন, ‘যেকোনো মুহূর্তে আমরা মিয়ানমারে ফিরে যেতে রাজি। কিন্তু সেখানে গণতন্ত্র নেই। সামরিক জান্তা মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতনও বন্ধ করছে না। রোহিঙ্গাদের নাগরিকত্ব দিচ্ছে না। বাংলাদেশও আমাদের স্থায়ীভাবে রাখতে রাজি হচ্ছে না। তাহলে আমরা কোথায় যাব?’