রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে মানববন্ধন, সমাবেশ
কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাসকারী প্রায় চার লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে গতকাল শনিবার শহরের প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কক্সবাজার সিভিল সোসাইটি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দুই ঘণ্টা ধরে চলা মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা সুনীল বড়ুয়া অভিযোগ করেন, প্রায় চার লাখ রোহিঙ্গা জেলার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বাস করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। বিদেশি কিছু সংস্থা রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ীভাবে রেখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত চালাচ্ছে। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, রোহিঙ্গারা ঘরবাড়ি তৈরি করে অবৈধ বসতি করছে। অথচ জলবায়ু উদ্বাস্তু তিন লাখ মানুষের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে না।বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টারের শিক্ষা সমন্বয়কারী মকবুল আহমদ বলেন, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা মিয়ানমারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে কথা বলেন না। উল্টো কক্সবাজারে অবস্থান করে সমস্যাটিকে জিইয়ে রেখেছেন। সভাপতির বক্তব্যে আবু মোর্শেদ চৌধুরী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।আরও বক্তব্য দেন প্রকৌশলী কানন পাল, নাসির উদ্দিন, ফজলুল কাদের চৌধুরী, প্রিয়তোষ পাল প্রমুখ। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সংরক্ষিত বনাঞ্চলে রোহিঙ্গা বসতি গড়ে ওঠা প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারি সিদ্ধান্ত প্রয়োজন।