রোহিঙ্গাদের যথাযথ ব্যবস্থাপনা করতে সরকার ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের যথাযথ ব্যবস্থাপনা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে পাঁচটি রাজনৈতিক দল। এই দলগুলো সরকারের প্রতি রোহিঙ্গাদের নিবন্ধন করে শরণার্থীর মর্যাদায় আশ্রয় দেওয়া এবং মিয়ানমারে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার দাবি জানিয়েছে।

গতকাল রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, নাগরিক ঐক্য, জেএসডি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা এসব দাবি জানান। রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘রাখাইন রাজ্যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। এ অবস্থায় সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জোর দাবি জানাচ্ছি।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার রোহিঙ্গাদের যথাযথ শরণার্থীর মর্যাদা দিতে পারেনি। তাঁদের নিবন্ধন করে বাসস্থান, নিরাপত্তার ব্যবস্থা না করায় চট্টগ্রাম ও পার্বত্য জেলার বাংলাদেশি নাগরিকদের মধ্যে অনেক রোহিঙ্গা মিশে যাচ্ছে। যত দ্রুত সম্ভব তাঁদের ফেরত পাঠাতে তৎপরতা চালানো জরুরি।