রোহিঙ্গাদের রক্ষা করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানবাধিকার রক্ষায় কোনো সীমানা নেই। যেখানে মানবাধিকার লঙ্ঘন, সেখানেই দাঁড়াতে হবে। এই মুহূর্তে রোহিঙ্গাদের পাশে দাঁড়ান, নির্যাতন বন্ধের জোর দাবি জানান।’
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল শনিবার সিলেটে মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা নির্যাতন ও গণহত্যার শিকার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের রক্ষা করার জন্য এ আহ্বান জানিয়েছেন।
গতকাল সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়। এতে সিলেটে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন শেষে অধিকার সিলেটের সমন্বয়ক মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও নারী জোট সিলেটের শামীম আখতার বক্তব্য দেন। সমাবেশে অধিকারের বিবৃতি পাঠ করেন মানবধিকারকর্মী মোস্তাফিজুর রহমান।
বিবৃতিতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, মানবাধিকার রক্ষায় জাতিসংঘের আহ্বানের সঙ্গে মিল রেখে অধিকার বিশ্ব মানবাধিকার রক্ষায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতের নির্যাতন ও মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকদের ওপর অমানবিক নির্যাতন বন্ধ করতে হবে।