রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকার পশুর চেয়েও নিষ্ঠুর আচরণ করেছে। দেশটিতে গণহত্যার শিকার হয়েছে রোহিঙ্গারা। অং সান সু চি মানবতাবিরোধী ভূমিকায় লিপ্ত হয়েছেন। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে বলে জানান ‘বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’-এর চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা। গতকাল রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সন্মেলনে এসব কথা বলেন তিনি।
বিচারপতি শামসুল হুদা বলেন, অন্য একটি দেশের ভার বাংলাদেশের ওপর এসে পড়েছে। এই ভার দীর্ঘদিন বহন করা সম্ভব নয়। রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা বাস্তবায়িত হলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সরকারের একার পক্ষে সেটা সম্ভব নয়, সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে।
এর আগে গত শনিবার উখিয়ার কুতুপালংয়ের দুটি রোহিঙ্গা শিবির এবং গতকাল সকালে উখিয়ায় আশ্রয় নেওয়া রাখাইনের হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। দুই দিনে তাঁরা ২০০ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন এবং জবানবন্দি নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিশনের সদস্য বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বক্তব্য, বাংলাদেশ এবং বার্মার বিভিন্ন সরকারি দলিলপত্রের ভিত্তিতে তাঁরা প্রতিবেদন তৈরি করবেন।
সংবাদ সম্মেলনে বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, এই কমিশন কোনো চাপ প্রয়োগকারী সংস্থা নয়। তারপরও কমিশনের এই তদন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রভাব ফেলবে।
শাহরিয়ার কবির বলেন, একসঙ্গে এত রোহিঙ্গা আসার কারণে কক্সবাজারের পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটেছে। রোহিঙ্গাদের জন্য তিন হাজার একর বনভূমি বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে অনেক বন ধ্বংস হয়ে গেছে। কাজেই এসব বিষয়ও চিন্তা করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিচারপতি মো. নিজামুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নূরুল আনোয়ার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশীদ, মানবাধিকারকর্মী জুলিয়ান ফ্রান্সিস প্রমুখ।