রোহিঙ্গাদের সহায়তার জন্য ওএফআইডি পুরস্কার পেল ব্র্যাক

রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসায় চলতি বছর ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফআইডি) অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফর ডেভেলপমেন্ট-২০১৮ পেল ব্র্যাক। ২১ জুন অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থাটির কর্মকর্তাদের কাছ থেকে ক্রেস্টসহ এ স্বীকৃতি গ্রহণ করেন ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমদ মোশতাক রাজা চৌধুরী।
ওএফআইডির মহাপরিচালক সোলায়মান জে আল হারবিশ বলেছেন, এ বছর রোহিঙ্গা সংকট মোকাবিলার দিকটি প্রাধান্য দিয়ে এবং বঞ্চনা ও অসমতা মোকাবিলায় জোরালো ভূমিকা রাখায় ব্র্যাককে এ পুরস্কার দেওয়া হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের সহায়তা, তাদের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জীবনযাত্রায় সহায়তা করায় এ স্বীকৃতি দেওয়া হয়। তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা প্রতিষ্ঠান ওএফআইডি ২০০৬ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কার হিসেবে ওএফআইডি ব্র্যাককে দিয়েছে এক লাখ ইউএস ডলার।
ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমদ মোশতাক রাজা চৌধুরী বলেন, ‘ওএফআইডির পুরস্কার গ্রহণ করে আমরা আনন্দিত। এ পুরস্কার ভবিষ্যৎ কর্মকাণ্ড এগিয়ে নিতে উদ্দীপনা জোগাবে এবং আমাদের দায়বদ্ধতা বৃদ্ধি করবে।’ তিনি জানান, এ পুরস্কারের টাকা রোহিঙ্গা নারী ও শিশুদের মানবিক সহায়তা দিতে ব্যয় করা হবে।
গত বছর ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত যে রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের জন্য ব্র্যাক সবচেয়ে বড় বেসরকারি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গত ব্যক্তিদের জরুরি মানবিক চাহিদা পূরণ, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে ব্র্যাক।
ব্র্যাক বলছে, মানবিক সহায়তা কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত ৬ লাখ ৬০ হাজার মানুষকে কোনো না কোনোভাবে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। সরকার, জাতিসংঘ এবং স্থানীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বিতভাবে ব্র্যাক কমিউনিটি–কেন্দ্রিক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এর আগে এ পুরস্কার পেয়েছেন পাকিস্তানের মালালা ইউসুফজাই (২০১৩) এবং মিসরভিত্তিক চিলড্রেনস ক্যানসার হসপিটাল (২০১৫)।
বিজ্ঞপ্তি