মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে ঢোকা রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য বিভাগের ১০৯টি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের মিয়ানমারে ফিরে যেতে হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বিশ্বের বড় বড় রাষ্ট্র রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে। এ ছাড়া ভারত ও চীনকে আহ্বান জানানো হয়েছে।
মধুপুরে টাঙ্গাইল জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান। বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সাংসদ মো. আবদুর রাজ্জাক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মধুপুর ও ঘাটাইল উপজেলার কয়েকটি দরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা কার্ড বিতরণ করেন।