রোহিঙ্গাদের স্বেচ্ছায় স্থানান্তরের বিষয়টি স্বাধীনভাবে মূল্যায়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা
ছবি: প্রথম আলো

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার টম এন্ড্রুস ভাসানচরের পরিস্থিতি আর রোহিঙ্গাদের সেখানে স্বেচ্ছায় স্থানান্তরের বিষয়টি স্বাধীনভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার টম এন্ড্রুস এক বিবৃতিতে এ মন্তব্য করেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মিয়ানমার রোহিঙ্গাদের জন্য রাখাইনের আদি নিবাসে ফেরার সহায়ক পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার বলেন, এতে রোহিঙ্গা আর বাংলাদেশ সরকারের জন্য একধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের স্বাধীন মূল্যায়ন ছাড়াই ভাসানচরে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার বিষয়ে টম এন্ড্রু উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রস্তাবিত মূল্যায়নের ওপর নির্ভর করে সঠিক তথ্যের ভিত্তিতে এবং আন্তর্জাতিক যাচাই প্রক্রিয়া অনুসরণ করে যাতে রোহিঙ্গারা ভাসানচরে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য তিনি বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন।

টম এন্ড্রুস বলেন, সবার স্বার্থেই এই যাচাই–বাছাই ও মূল্যায়ন হওয়া উচিত। এই মূল্যায়ন রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর যথার্থ কি না, কিংবা প্রয়োজনে কোনো পরিবর্তন আনতে হবে কি না, সে বিষয়টি সরকারের কাছে নিশ্চিত করবে। এই মূল্যায়নে এটাও নিশ্চিত হবে, বাংলাদেশ সরকার স্বেচ্ছায় রোহিঙ্গা স্থানান্তরের যে সিদ্ধান্ত নিয়েছে, তা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

জাতিসংঘের বিশেষ এই র‌্যাপোর্টিয়ারের মতে, রোহিঙ্গাদের কাছে কক্সবাজারের বিশালাকার শিবিরের বিকল্প তুলে ধরাটা বাংলাদেশ সরকারের জন্য যৌক্তিক। তিনি মনে করেন, জীবন বাঁচাতে মরিয়া রোহিঙ্গাদের প্রয়োজনের সময় আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার নজিরবিহীন উদারতা আর সংবেদনশীলতার পরিচয় দিয়েছে।
মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য টম এন্ড্রুস বলেন, এটা ভুলে গেলে চলবে না, রোহিঙ্গা সংকটের শুরু হয়েছে মিয়ানমারে। আর মিয়ানমারেই এর সমাধান হতে হবে।

এই সংকট সমাধানের নৈতিক ও আইনি বাধ্যবাধকতা মিয়ানমারের। জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা তাদের আদি নিবাসে ফিরে যেতে চায়। আর এটা তাদের অধিকার। কাজেই এই সমাধানের একমাত্র টেকসই সমাধান হচ্ছে রোহিঙ্গাদের নিজেদের গ্রামে ফিরে যাওয়া। বাংলাদেশের এই অবস্থানটা যৌক্তিক। এই প্রক্রিয়ায় রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সহায়তা করতে হবে।

জাতিসংঘের মিয়ানমার–বিষয়ক বিশেষ এই র‌্যাপোর্টিয়ার রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন। তাঁর মতে, তিন বছর পর এই সংকটের ক্ষেত্রে তাদের অবস্থান যে ভুল হয়েছে, এটা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই স্বীকার করতে হবে।

টম এন্ড্রুস বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা এবং তাদের আদি নিবাসে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত কিছু পদক্ষেপ নিতে হবে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে বোঝা বাংলাদেশ কাঁধে নিয়েছে, সে জন্য বাংলাদেশকে বিপুলভাবে আর্থিক সহায়তা দেওয়া উচিত। সেই সঙ্গে রোহিঙ্গাদের রাখাইনে ফেরার সহায়ক পরিবেশ তৈরির স্বার্থে মিয়ানমারকে একটি সুস্পষ্ট, কার্যকর ও সময়সূচিভিত্তিক একটি প্রতিশ্রুতি দেওয়া উচিত।