মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাদের আরও ১৩টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাত আটটা থেকে গতকাল রোববার সকাল ছয়টা পর্যন্ত টেকনাফ উপজেলার দমদমিয়া ও আলীখালী সীমান্ত এলাকা দিয়ে ওই ১৩টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। প্রতিটি নৌকায় ২০ জন রোহিঙ্গা ছিল। যাদের বেশির ভাগই শিশু ও নারী।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, বিজিবি সদস্যদের বাধার মুখে অনুপ্রবেশের চেষ্টা করা রোহিঙ্গা বোঝাই নৌকাগুলো বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে পারেনি। নৌকাগুলোকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়। তিনি বলেন, গত ১ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর দুপুর পর্যন্ত টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ২৭২টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এসব নৌকায় প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গা ছিল।
এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করায় পুলিশ ও বিজিবি এ পর্যন্ত এক নারীসহ ১৯ জন দালালকে আটক করেছে বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ। তিনি প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে দালালদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।