রোহিঙ্গাবাহী নৌকা মিয়ানমারে ফেরত পাঠাল কোস্টগার্ড

নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করা রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠিয়েছে কোস্টগার্ড। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকা দিয়ে নৌকাটি প্রবেশ করে। মোট ৩১ জন রোহিঙ্গা ওই নৌকায় ছিল।
কোস্টগার্ড পূর্ব জোনের শাহপরীর দ্বীপ স্টেশনের সদস্যরা রোহিঙ্গাবাহী নৌকাটি বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর আটক করে। পরে নৌকায় থাকা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয় বলে ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়।
১১ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সে দেশের সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের পর আবারও বিচ্ছিন্নভাবে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে।
কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার সোলেমান কবির গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, বাহিনীর একটি টহল দল গত শুক্রবার রাতে নাফ নদীর ঘোলারচর এলাকায় ছিল। দলের সদস্যরা মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকায় ৪ শিশু, ৯ নারী ও ১৮ জন পুরুষ দেখতে পান। বিষয়টি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান তাঁরা। পরে নৌকার আরোহীদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং একই সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠান।
গত বছরের অক্টোবর মাসে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে দমন-পীড়নের শিকার অন্তত ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন শিবিরে আশ্রয় নেন।
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে বলে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম।