রোহিঙ্গাবোঝাই ছয় নৌকা ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাবোঝাই ছয়টি নৌকাকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার সন্ধ্যা সাতটা থেকে গতকাল রোববার সকাল ছয়টার মধ্যে ওই নৌকাগুলো অনুপ্রবেশের চেষ্টা করে। এসব নৌকায় শতাধিক রোহিঙ্গা ছিল, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

টেকনাফ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, নাফ নদী পেরিয়ে টেকনাফের লেদা ও হ্নীলা সীমান্ত দিয়ে ছয়টি নৌকায় করে প্রায় ১০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল খুব কম। বিজিবির সদস্যদের বাধার কারণে নৌকাগুলো ভিড়তে পারেনি। রোহিঙ্গাবোঝাই নৌকাগুলো মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়।

ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, হঠাৎ করে গত কয়েক দিনে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। তবে সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে। টহলও জোরদার করা হয়েছে।